বাজারে এল অপোর নতুন দুটি স্মার্টফোন

আনুষ্ঠানিকভাবে নতুন দুটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। এন-থ্রি মডেল ও আর-৫ মডেলের নতুন এই ফোন দুটি আগামী ডিসেম্বরে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
আজ বুধবার সিঙ্গাপুরের মেরিনা বে কনভেনশন সেন্টারে সেট দুটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। বিশ্বের ১৫টি দেশের প্রায় দেড় হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নিতে সিঙ্গাপুরে এসেছেন।
এর মধ্যে রয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, মেক্সিকো, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের ব্যবসায়ী, অপোর কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে অপো মোবাইলের মহাব্যবস্থাপক স্কাই লি বলেন, ‘কার্যক্ষমতা, সৌন্দর্য ও ব্যবহার উপযোগিতার সব মানদণ্ডে অপোর নতুন দুটি ফোন বর্তমানে বিশ্বের সব স্মার্টফোনের চেয়ে আলাদা এবং ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন।’
অনুষ্ঠানে বক্তব্য দেন অপো ইন্দোনেশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেট লি, অপো সিঙ্গাপুরের প্রধান নির্বাহী সিয়ান দেং, অপোর প্রোডাক্ট ম্যানেজার বাকারিক আজেরি, কোয়ালকম টেকনোলোজিসের জ্যেষ্ঠ পরিচালক জিয়াদ মাতা প্রমুখ।
প্রতিষ্ঠানটির উপস্থিত কয়েকজন শীর্ষ কর্মকর্তা বলেন, একটি সেট বর্তমান বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। আর অন্যটিতে অত্যাধুনিক ফিচার সমন্বয়ে নড়াচড়াযোগ্য ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে গ্রাহকেরা ভিন্নধর্মী অভিজ্ঞতা পাবেন।
অনুষ্ঠানে জানানো হয়, চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অপো ২০০৮ সালে মোবাইল ফোন প্রস্তুতকারক হিসেবে যাত্রা করে। দেশের বাজার ছাড়িয়ে বর্তমানে ইউরোপ, যুক্তরাষ্ট্র, আফ্রিকা ও এশিয়ার ১৭টি দেশে অপো ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, বিশ্বের ১৪০টি দেশে অপো ব্র্যান্ড হিসেবে নিবন্ধিত।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০১৪ সালের জুলাই মাসের তথ্য অনুযায়ী চীনের ফোরজি স্মার্টফোনের বাজারে অপোর অবস্থান এক নম্বরে। বিক্রির দিক থেকে ভিয়েতনামের বাজারে অপোর অবস্থান চতুর্থ, থাইল্যান্ডে পঞ্চম।
অপোর কর্মকর্তারা মনে করেন, সামনের দিনগুলোতে সবগুলো বাজারে অপো ভালো একটি অবস্থান তৈরি করতে সমর্থ হবে।
এন-থ্রি মডেল
মেরিনা বে স্যান্ডস কনভেনশন হলে অনুষ্ঠানের শুরুতে এন-থ্রি মডেলের সেটটির মোড়ক উন্মোচন করা হয়। এই সেটটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০১ কোয়াডকোর প্রসেসর এবং ৩২ গিগাবাইট রম ও ২ গিগাবাইট র্যাম রয়েছে। আরও আছে গরিলা গ্লাসের তৈরি ৫ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিন।
এ ছাড়া অপোর ভোক প্রযুক্তির চার্জের মাধ্যমে দ্রুত চার্জ করা যাবে স্মার্টফোনটি।
অপোর কর্মকর্তারা বলেন, মাত্র ৩০ মিনিটের চার্জে সেটটির ৭৫ শতাংশ চার্জ হবে। পাঁচ মিনিটের চার্জে দুই ঘণ্টা কথা বলা যাবে।
এই সেটের প্রাধান্য পেয়েছে ক্যামেরা। সেটটিতে থাকা ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সামনে ও পেছনে একই রেজুলেশনে ছবি তোলা যাবে। সেলফি-জ্বরে আক্রান্ত সবার জন্য এই ফোনটি ভিন্ন সুযোগ নিয়ে আসবে বলে মনে করেন অপোর কর্মকর্তারা।
মার্কিন ফটোসাংবাদিক ব্রায়ান ডারবালা এন-থ্রি ব্যবহার করে ছবি তোলার অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন, এর মাধ্যমে ডিএসএলআর ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যাবে। পাশাপাশি প্যানারোমা ছবি তোলা যায়। এই মোবাইলের ক্যামেরা দিয়ে ওপর-নিচেও ছবি তোলা যায়, যেখানে ক্যামেরা ২০৬ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়। পাশাপাশি ক্যামেরাটিকে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমেও পরিচালনা করা যায়। সেটটির দাম রাখা হয়েছে ৬৪৯ মার্কিন ডলার।
আর-৫ মডেল
অপোর অন্য সেটটি আর-৫ মডেলের। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে পাতলা ফোন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এটি ৪ দশমিক ৮৫ মিলিমিটার চওড়া। এতে রয়েছে অক্টাকোর কোয়ালকম প্রসেসর। অ্যামোলেড স্ক্রিনের পর্দাটি ৫ দশমিক ২ ইঞ্চির। আর ক্যামেরা ১৩ (পেছনে) ও ৫ (সামনে) মেগাপিক্সেল। এ সেটটির দাম ৪৯৯ ডলার।