বাজারে এল নতুন নেটওয়ার্কিং পণ্য
দেশের বাজারে যাত্রা শুরু করল নেটওয়ার্কিং পণ্য ‘সান্ডি’। নতুন এ পণ্যটি দেশের বাজারে নিয়ে এসেছে নেক্সিম। এ যন্ত্রাংশের মাধ্যমে একটি কম্পিউটার এবং একটি শক্তিশালী সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের (সিপিইউ) মাধ্যমে সর্বোচ্চ ৪০টি কম্পিউটার চালানো যাবে। এতে করে প্রতিটি কম্পিউটারে আলাদা সিপিইউর প্রয়োজন পড়বে না। নতুন এ যন্ত্রাংশের বাজারজাতকরণ উপলক্ষে পরিবেশক প্রতিষ্ঠান নেক্সিম গত সোমবার ঢাকায় এক পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নেক্সিমের প্রধান নির্বাহী অনির্বাণ দাস গুপ্ত বলেন, ‘ব্যবহারকারীদের আধুনিক সুবিধা দিতে দেশের বাজারে প্রথমবারের মতো নতুন এ ব্র্যান্ডের যাত্রা শুরু হলো। সান্ডির নতুন এ ডিভাইসের মাধ্যমে প্রায় ৭৫ ভাগ হার্ডওয়্যার খরচ, ৮৫ ভাগ রক্ষণাবেক্ষণ খরচ এবং ৯৫ ভাগ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।’অনুষ্ঠানে উপস্থিত থেকে এ পণ্য ব্যবহারকারী হিসেবে পণ্যের বিভিন্ন দিকের কথা তুলে ধরেন অনন্ত গ্রুপের সিস্টেম ও নেটওয়ার্কের কর্মকর্তা মো. নাসিরউদ্দিন। নতুন এ পণ্যের অনুমোদিত রিসেলার প্রতিষ্ঠান টেকনোএজ করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাহমুদুল হাসান খান বলেন, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ছোট প্রতিষ্ঠান এ ডিভাইসের মাধ্যমে সহজেই কাজ করতে পারবেন। মাত্র ১২ হাজার ৫০০ টাকায় সিপিইউর পরিবর্তে এ ডিভাইস ব্যবহারের মাধ্যমে খরচ কমে যাবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে নতুন এ পণ্যের বিস্তারিত নানা বিষয় তুলে ধরেন নেক্সিমের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক কাজী মোকাম্মেল হোসেন। পরে নতুন এ পণ্য সম্পর্কে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। —নিজস্ব প্রতিবেদক