বাজারে এল ফুজিৎসুর নতুন ল্যাপটপ
ফুজিৎসু ব্র্যান্ডের তিনটি নতুন মডেলের লাইফবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। গতকাল বুধবার ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুন এ লাইফবুক অবমুক্তের ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে জাপানি ফুজিৎসু ব্র্যান্ডের এলএইচ৫৩২, এএইচ৫৩২ এবং এলএইচ৭৭২ মডেলের লাইফবুক তিনটির মোড়ক উন্মোচন করেন ফুজিৎসু পিসি এশিয়া প্যাসিফিকের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক ওলসেন সং। এ সময় ফুজিৎসু পিসি এশিয়া প্যাসিফিক লিমিটেডের পণ্য বিপণন ব্যবস্থাপক অ্যাডমন্ড লিম, কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ ও এস এম মুহিবুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ভিডিওচিত্রের সাহায্যে নতুন মডেলের লাইফবুকগুলোর বিশেষত্ব ও বৈশিষ্ট্য তুলে ধরেন ওলসেন সং। সম্মেলনে জানানো হয়, খুব শিগগির ফুজিৎসু একটি ট্যাবসহ নতুন মডেলের আরও পাঁচটি লাইফবুক বাংলাদেশে অবমুক্ত করা হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফুজিৎসু লাইফবুকের বাংলাদেশি অ্যাম্বাসেডর হিসেবে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। —নিজস্ব প্রতিবেদক