বাজারে এল স্মার্ট ল্যাপটপ

প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস দেশের বাজারে উন্মুক্ত করেছে নিজস্ব ব্র্যান্ডের ল্যাপটপ। স্মার্ট নোটবুক নামে ডব্লিউ ৩১০সিজেড ও ডব্লিউ ৩১১সিজেড এই দুটি মডেলের ল্যাপটপ ২০ জুলাই উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
ইনটেল সেলেরন ১০৩৭ইউ মডেলের প্রসেসরনির্ভর এই দুটি মডেলের ল্যাপটপে রয়েছে ১১.৬ ইঞ্চি মাপের এলইডি ডিসপ্লে, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ২ জিবি ডিডিআরথ্রি র্যাম, ইনটেল এইচডি গ্রাফিকস কার্ড, মাল্টি জেশ্চার ও স্ক্রলিং ফাংশান সমৃদ্ধ টাচপ্যাড এবং অন্যান্য ফিচার। ল্যাপটপ কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। ল্যাপটপের দাম ২৩ হাজার টাকা।
নতুন ল্যাপটপ উদ্বোধন উপলক্ষে ২০ জুলাই রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্টে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল স্মার্ট টেকনোলজিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ মহাব্যবস্থাপক ও ল্যাপটপ বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন।

স্মার্ট ল্যাপটপ প্রসঙ্গে জাফর আহমেদ জানিয়েছেন, দেশের মানুষকে অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে গুনগত মানের ল্যাপটপ ব্যবহারের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া, আমাদের দেশে এখন পর্যন্ত দেশীয় কোন ব্র্যান্ডের ল্যাপটপ সাফল্য অর্জন করতে পারেনি। তাই স্মার্ট ল্যাপটপ আমাদের জন্য একটি বিশাল বড় চ্যালেঞ্জ। তবে, দেশের অন্যতম বৃহত্ আইটি প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বাস করি, আমাদের বিশাল সার্ভিস সেটআপের মাধ্যমে আন্তর্জাতিক ব্র্যান্ডের মতোই ল্যাপটপের বিক্রয়োত্তর সেবা প্রদান করতে পারব।
প্রতিষ্ঠানটির ল্যাপটপ বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন বলেন, ‘স্মার্ট ল্যাপটপের পর স্মার্ট অল ইন ওয়ান পিসি এবং ব্র্যান্ড পিসি বাজারে ছাড়বে স্মার্ট টেকনোলজিস।’
অনুষ্ঠানে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) মোহাম্মদ খান, কাউছার উদ্দীন এম এ হক অনু, মোজাহিদুল ইসলাম ঢেউ সহ তথ্যপ্রযুক্তি বিভাগের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।