বাজারে এসেই সাড়া জাগালো আইপ্যাড
অ্যাপলের নতুন ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উদ্বোধন করা হয়েছে। বাজারে আসতেই আইপ্যাড কেনার জন্য লোকজনের মাঝে হুড়োহুড়ি পড়ে যায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তারা নতুন এই যন্ত্রটি কিনেছে। অ্যাপল ২০০৭ সালে যখন প্রথমবারের মতো আইফোন বাজারে ছাড়ে, তখনো ঠিক এমন ঘটনা ঘটেছিল। যারা ইতিমধ্যে স্মার্ট ফোন, ল্যাপটপ, ই-বুক রিডার এবং বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেছে, তাদের পক্ষে আইপ্যাড বোঝাটা তাড়াতাড়ি সহজ হবে। কারণ, এসব যন্ত্রের কাজ আইপ্যাডে একসঙ্গে করা সম্ভব। এখানে পড়া যাবে প্রিয় বই বা সাময়িকী, দেখা যাবে প্রিয় সিনেমা, টেলিভিশনের অনুষ্ঠান বা ইউটিউবের ভিডিও। এ ছাড়া ই-মেইল চেক করা ছাড়াও ওয়েব তো সার্ফ করাই যাবে। প্রাথমিকভাবে যন্ত্রটি বিক্রি হয়েছে ৪৯৯ ডলারে। পরে দাম কমতে পারে বলে অ্যাপলের কর্মকর্তারা জানিয়েছেন। —রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান