বাজারে ওয়ালটনের নতুন ল্যাপটপ
ওয়ালটন দেশের বাজারে ছেড়েছে সপ্তম প্রজন্মের প্রসেসরসহ ল্যাপটপ কম্পিউটার। এ ছাড়া কোয়াডকোর প্রসেসরের আরও তিনটি ল্যাপটপ বাজারে এনেছে এই প্রতিষ্ঠান। ১ জুন রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার এতে বলেন, দেশের সবার কাছে যদি ডিজিটাল যন্ত্র তুলে দিতে হয়, তাহলে দেশীয় পণ্য এবং সাশ্রয়ী দাম হতে হবে। ওয়ালটন এ কাজটি করছে।
ওয়ালটনের ল্যাপটপ বিভাগের পণ্য ব্যবস্থাপক আবুল হাসনাত বলেন, সপ্তম প্রজন্মের প্রসেসরযুক্ত ওয়ালটনের নতুন ল্যাপটপের পর্দা ১৫.৬ ইঞ্চি। এতে রয়েছে ২.৪ গিগাহার্টজ গতির কোর আই থ্রি ৭১০০ ইউ প্রসেসর এবং বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিকস ৬২০ কার্ড। এর সঙ্গে রয়েছে ৪ গিগাবাইট ডিডিআর ৪ র্যাম। হার্ডডিস্ক এক টেরাবাইট। ৩৫,৯৯০ টাকায় কেনা যাবে এই ল্যাপটপ।
অনুষ্ঠানে জানানো হয়, বাকি তিন ল্যাপটপ হচ্ছে প্যাশন এবং টেমরিন্ড সিরিজের। এসব ল্যাপটপের দাম ২৩ হাজার ৯৯০ থেকে ২৪ হাজার ৯৯০ টাকা। ল্যাপটপগুলোতে রয়েছে ১.৬ গিগাহার্টজ গতির ষষ্ঠ প্রজন্মের কোয়াডকোর প্রসেসর। ৪ গিগাবাইট ডুয়াল চ্যানেল ডিডিআরথ্রিএল র্যাম, যা ৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। হার্ডডিস্ক ৫০০ গিগাবাইট।