বাজারে গ্যালাক্সি নোট-৪
বাংলাদেশের বাজারে এল স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট ৪। গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোন ও স্যামসাং বাংলাদেশ যৌথভাবে এই ফোন বাজারে ছাড়ার ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামীণফোন কাস্টমার কেয়ার ও স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ বিক্রয়কেন্দ্র থেকে প্রি-বুকিং দেওয়া যাবে। গ্রামীণফোনের এই প্যাকেজের গ্রাহকেরা বিনা মূল্যে ইন্টারনেট এবং ১২ মাসের কিস্তি সুবিধাও পাবেন। ২৫ সেপ্টেম্বর থেকে এই চাহিদা জানানো যাবে।
ক্রেতারা ফোনটি হাতে পাবেন ২০ অক্টোবরের পরে। গ্রামীণফোন প্লাটিনাম এবং প্লাটিনাম প্লাস গ্রাহকেরা প্রি-বুক অফারে এটি কিনতে পারবেন ৬৭ হাজার ৫০০ টাকায়। অন্যান্য গ্রাহকদের জন্য এর দাম ৮০ হাজার টাকা। সম্মেলনে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন, গ্রামীণফোনের হেড অব স্ট্রাটেজি অ্যান্ড প্রজেক্ট অফিস অ্যারলেন্ড প্রেস্টগার্ড, স্যামসাং ইলেকট্রনিকস লিমিটেডের মহাব্যবস্থাপক ইয়ং উ লি, স্যামসাং বাংলাদেশের মোবাইল প্রধান হাসান মেহেদী ও গ্রামীণফোনের পরিচালক বিপণন নেহাল আহমেদ।
নোট-৪ পাওয়া যাবে কালো নোটটি কালো, ফ্রস্ট হোয়াইট, ব্রোঞ্জ গোল্ড এবং ব্লোসম পিঙ্ক রঙে। এই স্মার্টফোনটির ধাতব কাঠামোয় রয়েছে ৫.৭ ইঞ্চির সুপার এএমওএলইডি এইচডি পর্দা। এ ছাড়া রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য আছে ৩.৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৮ কোরের এআরএম করটেক্স এ৫৭ এবং করটেক্স এ৫৩ প্রসেসর ও ৩ গিগাবাইট র্যাম। ইন্টারনাল ৩২ গিগাবাইট মেমোরি আছে এতে। এই ফোনের ব্যাটারিতে বিশেষ সুবিধা আছে, যাতে প্রথম ৫০ শতাংশ চার্জ মাত্র ৩০ মিনিটে হয়ে যাবে।