বাজারে তোশিবার নতুন চারটি ল্যাপটপ
দেশের বাজারে তোশিবার নতুন চারটি ল্যাপটপ কম্পিউটার নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গতকাল বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মডেলের এসব ল্যাপটপের বিস্তারিত তুলে ধরা হয়।
নতুন ল্যাপটপ কম্পিউটারগুলো বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মাদ মাজহারুল ইসলাম। একেবারে হালকা (আল্ট্রাবুক) ও শক্তিশালী ল্যাপটপ চারটির বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময় তোশিবার বাংলাদেশের কর্মকর্তা ছাড়াও স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, ল্যাপটপ বিপণন বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী এবং তোশিবার পণ্য ব্যবস্থাপক রেজাউল করিমসহ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন চারটি ল্যাপটপ হলো, স্যাটেলাইট সি৪০-থার্ড জেনারেশন কোর আই থ্রি (দাম ৩৮ হাজার ৯০০ টাকা), স্যাটেলাইট ইউ৯২০টি কোর আই ফাইভ আল্ট্রাবুক (৮৪ হাজার টাকা), ইউ৮৪০ডব্লিউ কোর আই ফাইভ সিনেমাটিক আল্ট্রাবুক (৮৫ হাজার টাকা) ও প্রোটিজি আল্ট্রাবুক জেড ৯৩০ (এক লাখ ৭১ হাজার টাকা)। প্রতিটি তোশিবা নতুন মডেলের ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে পাওয়া যাবে মুঠোফোন। — রাহিতুল ইসলাম