বাজারে তোশিবার নতুন মডেলের ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশিবার নতুন মডেলের উন্মোচন
তোশিবার নতুন মডেলের উন্মোচন

দেশের বাজারে উন্মুক্ত হয়েছে তোশিবার নতুন চারটি মডেলের ল্যাপটপ। এ চারটি মডেল হচ্ছে তোশিবা স্যাটেলাইট সি৪০, স্যাটেলাইট ইউ৯২০, স্যাটেলাইট ইউ৮৪০ ও পোর্টিজি জেড ৯৩০।
আজ ২২ জানুয়ারি রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস অ্যান্ড প্রোডাক্ট লঞ্চিং’ অনুষ্ঠানে তোশিবার এই চারটি মডেল দেশের বাজারে বিক্রির ঘোষণা দিয়েছে তোশিবা পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম, বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং ল্যাপটপ বিপণন বিভাগের প্রধান রেজাউল করিম।
নতুন মডেলের তোশিবা ল্যাপটপ বাজারে ছাড়া প্রসঙ্গে মাজহারুল ইসলাম জানিয়েছেন, জাপানি ব্র্যান্ড হিসেবে গুণমান বিবেচনায় তোশিবা ল্যাপটপ নিঃসন্দেহে উন্নত পণ্য। উন্নত প্রযুক্তির কারণে ক্রেতাদের সহজেই মন কাড়বে তোশিবার ল্যাপটপগুলো। অনুষ্ঠানে ক্রেতাদের জন্য ল্যাপটপের সঙ্গে মুঠোফোন বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বাজারে আনার ঘোষণা দেওয়া ল্যাপটপগুলোর মধ্যে স্যাটেলাইট ইউ সিরিজগুলো মূলত আলট্রাবুক বা হালকা-পাতলা ল্যাপটপ। স্যাটেলাইট ইউ৯২০টি মডেলটিতে রয়েছে ইনটেলের কোর আই ফাইভ প্রসেসর, উইন্ডোজ ৮,  ইনটেল এইচএম৭৭ চিপসেট, ২জিবি এনভিডিয়া গ্রাফিকস কার্ড, মাল্টি জেশ্চার টাচপ্যাড, ৩২জিবি এসএসডি। এর দাম ৮৪ হাজার টাকা। স্যাটেলাইট ইউ৮৪০ ডব্লিউ মডেলটিতে রয়েছে ইনটেলের কোর আই৫ প্রসেসর এবং সিনেমা দেখার জন্য বিশেষভাবে তৈরি ডিসপ্লে। ছয় জিবি ডিডিআর৩ র্যাম সুবিধার ১৪.৪ চার ইঞ্চি মাপের এই আলট্রাবুকটির দাম পড়বে ৮৫ হাজার টাকা।

স্যাটেলাইট সি৪০ মডেলের ল্যাপটপে রয়েছে ইনটেলের কোর আই থ্রি৩১২০এম প্রসেসর। ১৪ ইঞ্চি মাপের ডিসপ্লে, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ ও ডিভিডি রাইটার সুবিধার এই ল্যাপটপটির দাম ৩৮ হাজার ৯০০ টাকা। এই ল্যাপটপটিকে বলা হচ্ছে তোশিবার এন্ট্রি লেভেলের ল্যাপটপ।

অনুষ্ঠানে তোশিবার পোর্টিজি জেড৯৩০ মডেলের আলট্রাবুক দেখানো হয়। এই মডেলের ল্যাপটপকে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ হিসেবে দাবি করে তোশিবা। ইনটেলের কোর আই৭ প্রসেসরযুক্ত উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের এই আলট্রাবুকটির দাম হবে  এক লাখ ৭১ হাজার টাকা।