বাজারে দেশি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে ছাড়া হলো দেশি ব্র্যান্ডের মোবাইল ফোন গোল্ডবার্গ। শুক্রবার ঢাকার একটি হোটেলে ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘ব্যাংকিং থেকে পারস্পরিক বন্ধন, এমনকি সামাজিক যোগাযোগ—মোবাইল ফোনের মাধ্যমে সব সম্পর্কই আরও মজবুত হচ্ছে।’ 

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘দেশীয় ব্যবসা খাতে নতুন এ উদ্যোগটি নিশ্চয় সফল হবে। ডিজিটাল বাংলাদেশের হৃদয় হলো মোবাইল ফোন।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘মোবাইল ফোন আমাদের জীবনকে বদলে দিয়েছে। মুহূর্তেই যেকোনো তথ্য পাওয়ার সহজ মাধ্যম মোবাইল ফোন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, খানসন্স গ্রুপের পরিচালক এ কে এম আজিজুর রহমান, গোল্ডবার্গ মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমানসহ অনেকে।
গোল্ডবার্গ খানসন্স গ্রুপের একটি ব্র্যান্ড। কর্মকর্তারা জানান, ফোনগুলো সরাসরি চীন থেকে নির্মাণ করে দেশে আনা হচ্ছে। বাংলাদেশের সকল জেলাতেই পাওয়া যাবে গোল্ডবার্গ মোবাইল ফোন। ক্রেতা সুবিধা দেওয়ার জন্য সারা দেশে রয়েছে গোল্ডবার্গের ১৮টি গ্রাহকসেবা কেন্দ্র—ইয়োরকেয়ার সেন্টার।
বাজারে পাওয়া যাবে গোল্ডবার্গের দুই ধরনের সাধারণ ফোন এবং পাঁচ ধরনের স্মার্টফোন। প্রতিটি ফোনের জন্য বিক্রয়োত্তর সেবা থাকবে এক বছর। ক্রেতারা চাইলে বদলে নেওয়ার সুযোগও পাবেন। গোল্ডবার্গের ফোন পাওয়া যাবে ৮০০ থেকে ১২ হাজার টাকায়।
অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী হাবিব ওয়াহিদ।