বাজারে নকিয়ার নতুন মুঠোফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যম ব্যবহারের সুবিধা নিয়ে নতুন একটি মুঠোফোন সেট বাংলাদেশের বাজারে ছেড়েছে নকিয়া। ‘এক্স২ কোয়ার্টি’ নামের এই ফোন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বিপণন করার ঘোষণা দেওয়া হয় গত রোববার সন্ধ্যায়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সেট বাজারে ছাড়ার ঘোষণা দেন নকিয়া এমার্জিং এশিয়ার বিপণনপ্রধান সাজিদ মতিন। তিনি বলেন, ‘মূলত সামাজিক যোগাযোগ আরও বেশি সহজ করতে এ নতুন সেট বাজারে ছাড়া হয়েছে। তিনি আরও জানান, ‘মানুষ সহজে বার্তা আদান-প্রদান করতে পছন্দ করে। নতুন এই সেটের মাধ্যমে খুব সহজে সামাজিক যোগাযোগ এবং সাধারণ বার্তা পাঠানো যাবে।’অনুষ্ঠানে জানানো হয়, নকিয়া এক্স২ কোয়ার্টির আত্মপ্রকাশের আগে নানা শ্রেণীর গ্রাহকের কাছ থেকে নকিয়া ফেসবুক পেজে মতামত নেওয়া হয়। অনুষ্ঠানে নকিয়া কর্তৃপক্ষ জানায়, সেটটি দিয়ে গ্রাহকেরা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে সেরা সমাধান পাবেন। এর সহজ কি-প্যাডের মাধ্যমে যখন-তখন চ্যাট, ই-মেইল, মন্তব্য করা, স্ট্যাটাস আপডেটসহ ফেসবুক ও টুইটারের মাধ্যমে তাঁদের প্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছবি আদান-প্রদান করতে পারবেন।নকিয়া এক্স২ কোয়ার্টি এসেছে অভি মেইল ও অভি চ্যাটের সুবিধা নিয়ে। এতে প্রথমবারের মতো ব্যবহারকারীরা কোনো ধরনের কম্পিউটারের সাহায্য ছাড়াই তাঁদের ফোন থেকে সরাসরি ই-মেইল সেটআপ ও চ্যাট অ্যাকাউন্ট করতে পারবেন। এ ছাড়া এতে রয়েছে একটি ভিজিএ ক্যামেরা, স্পিকার ইত্যাদি। সেটটির দাম সাত হাজার ৪০০ টাকা। অনুষ্ঠানে ছিল এলআরবির সংগীত পরিবেশনা। —মোছাব্বের হোসেন