বাজারে নতুন তিন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এল ম্যাক্সিমাস মোবাইলের তিনটি নতুন স্মার্টফোন। গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যাক্সিমাস মোবাইলের পরিচালন পরিচালক মেজবাহ উদ্দিন। তিনি বলেন, ‘আমরা আইএক্স ডিজাইনার সিরিজের আইএক্স কেইন, আইএক্স ইউএফও ও আইএক্স হেক্সা নতুন এই তিনটি স্মার্টফোন বাজারে ছাড়ছি। ফোনগুলোতে রয়েছে আধুনিক প্রযুক্তির সব বৈশিষ্ট্য। অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমে চলে এগুলো।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেটগুলোতে রয়েছে গেমলফটের বিশেষ গেম। আইএক্স ইউএফও ফোনে রয়েছে ১.৪ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর ও ৮ গিগবাইট রম ও ১ গিগাবাইট র্যাম। ৮ মেগাপিক্সেল ক্যামেরাসহ এই সেটটি চলতি মাসের মাঝামাঝি সময় থেকে বাজারে পাওয়া যাবে।
আইএক্স কেইন স্মার্টফোনে রয়েছে বাঁশের তৈরি সাইড প্যানেল, যার ফলে ফোনসেটটি হাত থেকে পিছলে পড়ার আশঙ্কা নেই। পাঁচ ইঞ্চি এইচডিআইপিএস ডিসপ্লের ১৩ মেগাপিক্সেলের এই স্মার্টফোনটি মূলত তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এর দাম পড়বে ১৩ হাজার ৯৯৯ টাকা। তৃতীয় স্মার্টফোনটি আইএক্স হেক্সা আগামী সপ্তাহেই বাজারে পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। —রাহিতুল ইসলাম