বাজারে নতুন মোবাইল ফোন
বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল ভারতীয় টেলিকেয়ার গ্রুপের জেন মোবাইল। প্রাথমিকভাবে তিনটি মুঠোফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। চলতি বছরই বাংলাদেশের বাজারে আরও ২০টির বেশি মুঠোফোন আনবে জেন। গতকাল বুধবার ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জেন মুঠোফোন। উদ্বোধনী অনুষ্ঠানে জেন মোবাইলের পরিচালক রবি বাশ্যাম বলেন, ‘বাংলাদেশের বাজারে প্রতিদিন আসছে নতুন নতুন মুঠোফোন। যেখানে যোগ হচ্ছে বাড়তি সব সুবিধা। তাই বাংলাদেশের বাজারে মুঠোফোন গ্রাহকের মন জয় করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ দাম এবং মান দুই দিকই মাথায় রেখে বাজারে আনা হবে আরও নানা ধরনের জেন মুঠোফোন।
অনুষ্ঠানে জানানো হয়, জেন মুঠোফোন হবে সবার ব্যবহারের উপযুক্ত। আর তাই সুবিধার ওপর ভিত্তি করে জেন মুঠোফোনের দাম হবে এক হাজার ১০০ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে। প্রাথমিকভাবে বাজারে আনা তিনটি মুঠোফোনের মডেল হচ্ছে এম৭২+, এম৭২আই এবং এম৭২এস।
— হাসানইমাম