বাজারে ফেরা নিশ্চিত করল নকিয়া

মোবাইল ফোন হ্যান্ডসেটে নিজস্ব ব্র্যান্ড নাম দিয়ে নকশা ও লাইসেন্স দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিনল্যান্ডের টেলিকম নেটওয়ার্ক যন্ত্রপাতি নির্মাতা নকিয়া। খবর রয়টার্সের। রয়টার্সকে নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বর্তমানে সহযোগী প্রতিষ্ঠান খুঁজছে যারা নকিয়ার নাম ও লাইসেন্স ব্যবহার করে ফোন তৈরি, বিক্রি, প্রচার ও বিক্রয় পরবর্তী সমর্থন দেবে।
অবশ্য বাজারে যে শিগগিরই নকিয়া ফোন আসছে না সে বিষয়টির কথাও বলেছে নকিয়া কর্তৃপক্ষ। আগামী বছরের শেষ প্রান্তিক অর্থাৎ ২০১৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর নাগাদ নকিয়ার তৈরি ফোন আবার বাজারে আসতে পারে। ওই সময় নকিয়ার সঙ্গে মাইক্রোসফটের চুক্তির মেয়াদ শেষ হবে।
গত বছরে মাইক্রোসফটের ফোন বিভাগটি কিনে নিয়েছিল মাইক্রোসফট। নকিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০১৬ সালের আগে নকিয়ার নামে কোনো ফোন তৈরি করতে পারবে না ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি।
বেশ কয়েক বছর ধরে স্মার্টফোনের বাজারে ক্রমশ নিচের দিকে নামতে থাকা নকিয়া গত বছরে তাদের ফোন বিভাগটি মাইক্রোসফটের কাছে বেচে দেয়।
মাইক্রোসফট অবশ্য নকিয়াকে কেনার পর থেকে খুব বেশি সুবিধা করতে পারছে না। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নকিয়াকে কেনার পরও উইন্ডোজ ফোনকে জনপ্রিয় করতে পারেনি বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। লোকসানের মুখে পড়তে হচ্ছে মাইক্রোসফটে। সম্প্রতি মাইক্রোসফট সাত হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যার অধিকাংশ মোবাইল ফোন বিভাগের। এ ছাড়াও নকিয়া থেকে মাইক্রোসফটে আসা স্টিফেন ইলোপকে অবসরে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। মোবাইল ফোন বিভাগটিকে ঢেলে সাজানোর পরিকল্পনাও করেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা।
আরও পড়ুন: