বাজারে লজিটেকের নতুন টাচ মাউস
সুইজারল্যান্ডের কম্পিউটার পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান লজিটেক তারহীন প্রযুক্তির এম৬০০ মডেলের একটি নতুন টাচ মাউস বাজারে এনেছে। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। একই দিনে লজিটেকের তারহীন পণ্য নিয়ে সেমিনারও অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রতিষ্ঠানটির বিভিন্ন তারহীন পণ্যের বিবরণতুলে ধরা হয়। দেশের তরুণ ব্লগার এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক সাংবাদিকদের উপস্থিতিতে ‘ব্লগারস অ্যান্ড প্রেস মিট’ শিরোনামের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সোর্স লিমিটেডের পরিচালক আসিফ মাহমুদ।অনুষ্ঠানের শুরুতেই তারহীন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে কথা বলেন লজিটেক ইলেকট্রনিক ইন্ডিয়া লিমিটেডের ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিপণন ব্যবস্থাপক কুলদীপ দাস। তিনি বলেন, প্রযুক্তিবান্ধব নাগরিকদের তারের যন্ত্রণা থেকে মুক্ত রাখতেই লজিটেক ‘ক্লাটার-লেস’ পণ্য উদ্ভাবনে এগিয়ে এসেছে। লজিটেক ইলেকট্রনিক ইন্ডিয়া লিমিটেডের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি সেলস ম্যানেজার পার্থ ঘোষ। বাংলাদেশ বাজারের তারহীন প্রযুক্তির লজিটেক পণ্যের ক্রমবর্ধমান চাহিদা তুলে ধরে তিনি একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। সুইজারল্যান্ডে তৈরি পণ্যের গুণগত মানের কথা নিশ্চিত করে আসিফ মাহমুদ বলেন, লজিটেক তাদের ওয়্যারলেস পণ্যগুলোতে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে এবং এই প্রতিষ্ঠানের পণ্য কেনার মাধ্যমে ক্রেতারাই লাভবান হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান এবং প্রযুক্তিবিষয়ক ব্লগ প্রিয় ডট কমের সম্পাদক জাকারিয়া স্বপন। —মোছাব্বের হোসেন