বাজারে স্যামসাংয়ের নতুন প্রযুক্তির টিভি
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৬ সালের নতুন সিরিজের টিভি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন। এসইউএইচডি, স্মার্ট টিভি এবং মিউজিক টিভি—মূলত এই তিনটি বিভাগে নতুন টিভিগুলো বাজারজাত করা হবে বলে জানান তিনি। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ইয়াং উ লি, কনজ্যুমার ইলেকট্রনিকসের প্রধান ফিরোজ মোহাম্মদ, টিভি ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং বাংলাদেশের স্যামসাং পরিবেশকদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্যাংওয়ান ইউন বলেন, আকর্ষণীয় নকশার টিভি বাজারে ছাড়ার মধ্য দিয়ে ঘরোয়া বিনোদনে পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্যামসাং। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা, বাজেট ও লাইফস্টাইলকে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে। নতুন এসইউএইচডি টিভিগুলোতে কোয়ান্টাম ডট ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কোয়ান্টাম ডট প্রযুক্তিতে পর্দায় ১০০ কোটির বেশি খুদে বিন্দুর মাধ্যমে ছবি ফুটিয়ে তোলা হবে। এতে টিভি পর্দার রঙের গুণগত মান, উজ্জ্বলতা ও কন্ট্রাস্ট বাড়িয়ে আরও স্পষ্টভাবে ছবি ফুটিয়ে তোলা সম্ভব হবে। নতুন এসইউএইচডি টিভিতে বিশ্বের প্রথম বেজেললেস বাঁকানো নকশা ব্যবহার করা হয়েছে অর্থাৎ পর্দার পুরোটা জুড়ে ছবি দেখা যাবে। এসইউএইচডি টিভিতে আরও যোগ করা হয়েছে এইচডিআর ১০০০ নামের প্রযুক্তি।
ট্রান্সকম ডিজিটাল, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগস, সিঙ্গার এবং ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড—বাংলাদেশে স্যামসাংয়ের অনুমোদিত পরিবেশকদের কাছে নতুন এই টিভিগুলো পাওয়া যাবে।