বাজারের সবচেয়ে কম দামের থ্রিজি ফোন

সিম্ফনি আর গ্রামীণফোন মিলে দেশের বাজারে আনল ই১০ নামের একটি স্মার্টফোন। সিম্ফনির দাবি, বাজারের সবচেয়ে কম দামের স্মার্টফোন এটি। সিম্ফনি এবং গ্রামীণফোন চ্যানেলে এই ফোনটি পাওয়া যাচ্ছে দুই হাজার ৯৯০ টাকায়।
ব্যবহারকারীদেরই সহজেই থ্রিজি অভিজ্ঞতা দিতে স্মার্টফোনটির সঙ্গে এর দামের সমমূল্যের অফার দিচ্ছে গ্রামীণফোন। জিপি প্রি-পেইড গ্রাহকেরা ‘সিম্ফনি ই ১০’ হ্যান্ডসেটটির সঙ্গে ২ জিবি ডেটা প্যাক পাবেন। এ ছাড়াও ১৫০ টাকার অন-নেট ভয়েস কল কিনতে পারবেন ৫০ টাকায় এবং প্রতিবার এক জিবি ফ্রি ইন্টারনেট পাবেন।
সিম্ফনির জ্যেষ্ঠ পরিচালক রেজওয়ানুল হক বলেন, ‘সাশ্রয়ী মূল্যে দীর্ঘস্থায়ী এবং টেকসই হ্যান্ডসেট বাজারে এনে আমরা ক্রেতাদের চাহিদা পূরণ করে আসছি। গ্রামীণফোনের সঙ্গে যৌথ উদ্যোগে হ্যান্ডসেট এবং থ্রিজি অফার ক্রেতাদের সন্তুষ্ট করবে।’
গ্রামীণফোনের হেড অব প্রোডাক্ট হাসিবুল হক বলেন, ‘সর্বস্তরে ইন্টারনেট পৌঁছে দিতে সাশ্রয়ী দামে উন্নত মানের স্মার্টফোন দেওয়ার চেষ্টা করছে গ্রামীণফোন।’
‘সিম্ফনি ই ১০’ স্মার্টফোনটিতে রয়েছে ৩.৫ ইঞ্চি এইচভিজিএ ডিসপ্লে, এক গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর, পেছনে এলইডি ফ্ল্যাশ সহ ১.৩ মেগাপিক্সেল ও সামনে ভিজিএ ক্যামেরা। অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে মাইক্রো-ইউএসবি, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএরএস/এজ, থ্রিজি চালানো যায়।