বাজির দানে সম্ভাব্যতা
সতেরো শতকের মাঝামাঝি কোনো এক বিকেলে প্যারিসের এক ক্যাফেতে বসে কয়েন নিয়ে খেলছিলেন পিয়েরে দ্য ফার্মা আর ব্লেইজ প্যাসকেল। যদি হেড আসে তাহলে ফার্মা পাবেন এক পয়েন্ট, টেল আসলে পাবেন প্যাসকেল। এভাবে যে আগে ১০ পয়েন্ট পাবেন, তাঁর রাতের আহারের ব্যয়ভার অন্য জনের। যদিও পুরস্কার ছিল ডিনার, কিন্তু তাতে বাজি ছিল ৫০ ফ্রাঙ্ক করে। অর্থাৎ ১০০ ফ্রাঙ্কের খেলা ছিল সেটি। ফার্মা যখন খেলায় আট-সাত-এ এগিয়ে, তখন এক বার্তাবাহক এসে তাঁকে জানাল তাঁর কোনো এক বন্ধু বেশ অসুস্থ এবং তাঁকে তখনই বার্তাবাহকের সঙ্গে যেতে হবে। হঠাৎ খেলা অসমাপ্ত অবস্থায় ফেলে সেই বার্তাবাহকের সঙ্গে তাঁকে চলে যেতে হয় বন্ধুর অসুস্থতার দরুন। এই ঘটনা সেদিন সেখানেই শেষ হয়ে যেতে পারত যদি না ফার্মা প্যাসকেলকে ১০০ ফ্রাঙ্ক ভাগাভাগির সমাধান নিয়ে চিঠি লিখতেন। চিঠির বক্তব্য ছিল এমন, ‘যেহেতু তোমাকে জিততে হলে আর তিন পয়েন্ট পেতে হবে, আমাকে পেতে হবে দুই, তাহলে আর চারটা টসেই বিজয়ী বের করা সম্ভব, যদি এর মধ্যে তুমি তিনটি টেল পাও তাহলে তুমি বিজয়, আমি হেরে গেলাম। নতুবা যদি আমি দুটি হেড পাই তাহলে তুমি হেরে গেলে। এখন যদি চারটি টসের ফলাফল সেট বিবেচনা করি, তাহলে দেখা যায়, সম্ভাব্য ১৬টি ঘটনার ১১টি নির্দেশ করে আমি বিজয়ী, পাঁচটি নির্দেশ করে তুমি। তাহলে ১০০ ফ্রাঙ্কের ১১/১৬ অংশ পাব আমি, বাকি ৫/১৬ পাবে তুমি।’ এভাবে ফার্মা আর প্যাসকেল সম্ভাব্যতার ধারণা প্রথম ব্যবহার করেন। শোনা যায়, এর বেশ আগে এক বাজিকর প্যাসকেলের কাছে জানতে চেয়েছিলেন যে ছক্কার চার টসে অন্তত একটি ছয় পড়ার বাজি আর ২৪ টসে দুটি ছয় পড়ার বাজির মধ্যে প্রথমটি সব সময় বেশি লাভজনক হয়, এক কারণ কী?এর বছর খানেক বাদে, জনৈক বাজিকর ফার্মা আর প্যাসকেলকে অনুরোধ করেন বাজিখেলার সমাধান নিয়ে কোনো ফর্মুলা বের করার জন্য যাতে করে খেলার মধ্যে বিঘ্ন সৃষ্টি হলেও অর্থ ভাগাভাগি নিয়ে সমস্যার সমাধান সহজেই করা যায়। এই দুটি ঘটনাই মোটামুটি প্রবাবিলিটির বীজ বুনে দেয় তখনকার গণিত মহারথীদ্বয়ের মনে। ফার্মা চিঠি লেখেন প্যাসকেলকে ছক্কার বাজিখেলার সমস্যা-সমাধানজনিত বিষয় নিয়ে; চিঠির বক্তব্য ছিল, আট চালের ছক্কার খেলায় যদি কেউ কোনো চাল না খেলে তাহলে বিভিন্ন চালের জন্য সমাধানগুলো কেমন হওয়া উচিত—এ নিয়ে বিশদ ব্যাখ্যা।জবাবে প্যাসকেল চিঠিতে লেখেন ফার্মার সমাধান বেশ পরিচ্ছন্ন হলেও প্যাসকেল নিজে একটি সহজ সমাধান বের করেছেন, যেখানে তিনি বিন্যাস এবং সমাবেশের ধারণাকে সম্ভাব্যতার সঙ্গে যুক্ত করেন। একই সঙ্গে পরের চিঠিগুলোতে তাঁরা স্বাধীন-অধীন, কন্ডিশনাল প্রবাবিলিটির ধারণার সূত্রপাত করেন। যদিও পরে এই চিঠিগুলোর বেশ কিছু বক্তব্য ভুল প্রমাণিত হয়, তবুও ফার্মা আর প্যাসকেল সম্ভাব্যতার বাস্তব ভিত্তি তৈরি করেন কেবল বাজিখেলার সমস্যাগুলোর সমাধান করতে গিয়ে। এভাবে প্রথমে ফার্মা ও প্যাসকেলের হাত ধরে এবং পরে হাইগেন্সের কল্যাণে বাজিকরদের এই হিসাব-নিকাশ বিজ্ঞানের সম্মান লাভ করে।ধীরে ধীরে বাজিকরদের খেলার হিসাব-নিকাশ হয়ে গেল গণিত শাস্ত্রের অংশ। সম্ভাব্যতা হচ্ছে সেই জ্ঞান, যা কি না হিসাব করে কোনো কিছুর আন্দাজ দেয়, অন্য কথায় গণিতের মাধ্যমে আন্দাজ করা যায় কোনো ঘটনা ঘটবে কি না, যাকে পরিশুদ্ধ ভাষার সম্ভাব্যতা বা প্রবাবিলিটি বলে। ফার্মা আর প্যাসকেলের বেশ কিছু বছর পর বার্নলি আর দি মোভিয়ার একে গণিত শাস্ত্রের অংশ বলে বিবেচনা করতে শুরু করেন। পরে ইয়ান হেকিং, জেমস ফ্রাঙ্কলিন, ল্যাপলাস, লরেঞ্জ, ডি মরগান প্রমুখ সম্ভাব্যতাবিদ্যার প্রভূত উন্নতি সাধন করেন।শরিফা সুলতানা