বাজেটে কিছু বিষয় পুনর্বিবেচনার অনুরোধ করল বিসিএস ও বেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের দুই সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের কিছু বিষয় পুনর্বিবেচনা করার কথা বলেছে৷ গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সংগঠন দুটির প্রতিনিধিদল দেখা করে এই পুনর্বিবেচনার অনুরোধ করে৷
সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিসিএস ও বেসিস প্রতিনিধিদল ২৭ ইঞ্চি পর্যন্ত মনিটরে শুল্কমুক্ত সুবিধা চায়৷ ইউপিএসে ব্যবহৃত সিলড ব্যাটারিতে ৯৩ শতাংশ শুল্কের প্রস্তাব সংশোধন করে আগের ৩৭ শতাংশ বহালের অনুরোধ করা হয়। ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সুপারিশও করে তারা৷
অর্থমন্ত্রী বাজেটে বিসিএস ও বেসিসের প্রস্তাবগুলো বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন৷ এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) কালীপদ রায় উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন বিসিএসের সহসভাপতি মজিবুর রহমান, মহাসচিব নজরুল ইসলাম, পরিচালক আলী আশফাক এবং বেসিসের সভাপতি শামীম আহসান ও জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আলমাস কবীর। —বিজ্ঞপ্তি