‘কৃষি ও শিল্পবিপ্লবের পর এখন তথ্যপ্রযুক্তি বিপ্লবের সময়। কায়িক শ্রমের পরিবর্তে এখন প্রয়োজন মেধা। খনিজ সম্পদ নয়, দরকার মানবসম্পদ। কম্পিউটার বিপ্লব আর ই-যোগাযোগব্যবস্থার মাধ্যমে পৃথিবীর অনেক দেশই উন্নতির শিখরে পৌঁছে গেছে, যেখানে বাংলাদেশও একটি সম্ভাবনাময় দেশ।’ গতকাল মঙ্গলবার ঢাকায় আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নবনির্বাচিত সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ। বিসিএসের ২০১৪-১৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি এ সম্মেলনের আয়োজক।
সংবাদ সম্মেলনে জাতীয় বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে ৭০০ কোটি টাকা বরাদ্দের আহ্বান জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি মজিবুর রহমান, মহাসচি নজরুল ইসলামসহ অনেকে।
সম্মেলনের মাধ্যমে বিসিএস সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য—ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, আগামী পাঁচ বছরের জন্য প্রযুক্তিপণ্য ব্যবসায়ীদের বাড়িভাড়ার ওপর থেকে ৯ শতাংশ মূসক প্রত্যাহার, ই-কমার্সের ক্ষেত্রে খুচরা পর্যায়ে বিক্রীত প্রযুক্তিপণ্যের ওপর থেকে মূল্য সংযোজন (ভ্যাট) কর প্রত্যাহার এবং আমদানির ক্ষেত্রে এটিভির (অ্যাডভান্স ট্রেড ভ্যাট) হার এক শতাংশ কমানো।
আসছে জাতীয় বাজেটে ‘ডিজিটাল শিক্ষা উপকরণ’ হিসেবে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা, ২৭ ইঞ্চি মনিটর, মাল্টি ফাংশনাল প্রিন্টার ও নেটওয়ার্কিং যন্ত্রাংশের ওপর থেকে শুল্ক কমানোর আহ্বানও জানান বক্তারা। —মো. রাফাত জামিল