বাড়ি ফিরেইকাজ আর কাজ!

বেশ লম্বা একটা ছুটিই তো কাটানো হলো। কয়েকটা দিন হয়তো ঘুরে এসেছেন গ্রামের বাড়িতে, কিংবা দূরে কোথাও। এবার ফিরে কাজে নামার পালা।কিন্তু বাড়ি ফিরে ঘরবাড়ি তো তেমন গোছানো মনে হচ্ছে না। সুটকেস, ব্যাগে ভর্তি কাপড়চোপড় আবার গুছিয়ে তুলতে হবে আলমারিতে। কয়েকটা দিন না থাকায় ময়লাও জমেছে ঘরে বেশ। রান্নাবান্নার আয়োজনও তো চাই। রইল সেসবেরই টুকিটাকি পরামর্শ। জানিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহায়ণ ও গৃহব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া।
l বাড়ি ফিরে অন্তত এক দিন বিশ্রাম নিয়ে কাজে যোগ দেওয়া ভালো। এতে করে ছুটি ও কাজ দুটির মধ্যে দূরত্বটা কমবে।
l বিশ্রামের দিনটিকে সাপ্তাহিক ছুটির দিনের মতোই কাজে লাগান। বাড়িতেই থাকুন, তবে অল্প অল্প করে পরের সপ্তাহের কাজ এগিয়ে রাখুন।
l খাবারের আয়োজন তো করতেই হবে। একটু বেশি করেই না হয় রান্না করে ফেলুন। যেন পরবর্তী কয়েক দিনের রান্নার চাপ কিছু হলেও কমে।
l বাইরে থেকে ফিরে একগাদা সংসারের কাজ জমে থাকে। সব এক দিনে করতে যাবেন না। ধীরে ধীরে সময় নিয়ে প্রয়োজন অনুসারে কাজ করুন।
l যে কয় দিন বাইরে ছিলেন, ফ্রিজ একেবারেই খালি ছিল। এবার চট করে খানিকটা বাজার করে নিয়ে আসুন। পরের কয়েকটা দিন নিশ্চিন্ত থাকবেন।
l বাইরে থেকে ফিরে আরেকটা ঝামেলা থাকে। সেটা হলো বুয়ার জন্য অপেক্ষা। কাজের বুয়া ও গৃহিণীর মধ্যে বোঝাপড়া থাকলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। যাওয়ার আগেই তাকে আপনাদের ফেরার সম্ভাব্য দিন জানিয়ে দিন। প্রয়োজনে ফেরার আগের দিন ফোনে তাকে মনে করিয়ে দিন।
l তার পরও বুয়া না এলে বাড়ির প্রত্যেকের মধ্যে কাজগুলো ভাগ করে দিন। এতে কারও ওপর সে রকম কোনো চাপ পড়বে না, তেমনি আপনিও যাত্রার ধকল কাটিয়ে ওঠার সুযোগ পাবেন।
l ঘরবাড়ি পরিষ্কার তো করতেই হবে। তাই বলে পুরো বাড়ি এক দিনে ঝকঝকে তকতকে করে তুলবেন—এমনটা ভাববেন না। বেড়াতে যাওয়ার আগেই সোফা, আলমারির ওপর হালকা একটা কাপড় দিয়ে যেতে পারেন। তাহলে ফিরেই ধুলার যন্ত্রণা পোহাতে হবে না।
l ঘরের কাজ করতে যন্ত্রপাতির সাহায্য নিন। ভ্যাকুয়াম ক্লিনার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন আপনার কাজ সহজে শেষ করতে সাহায্য করবে।l বেড়াতে গিয়ে যেসব কাপড় ব্যবহার করেছেন, সেসব না হয় পরে প্রয়োজন অনুযায়ী সময় নিয়ে ধীরে ধীরে ধুয়ে আলমারিতে তুলে ফেলবেন। আর যেসব ধুতে হবে না, সেগুলো একটু রোদে দিয়ে গুছিয়ে রাখুন আলমারিতে।
l রান্নাঘরের জিনিসপত্রেও ধুলার আস্তরণ পড়ে। ব্যবহারের আগে একবার ভালো করে ধুয়ে নিন সবকিছু। সবচেয়ে ভালো হয় যদি যাওয়ার আগেই রান্নাঘরের জিনিসপত্র ঢেকে রেখে যান। তাহলে ফিরে আর বাড়তি কষ্ট করতে হবে না।
l পরদিন স্বামীর অফিস বা সন্তানের স্কুলের পোশাক বা টিফিন কি হবে, সেটাও ঠিক করে ফেলুন বিশ্রামের এই দিনটিতেই।
বাড়ি ফিরে জমে থাকা কাজ যেন বেড়ানোর সুখস্মৃতিগুলোকেই না মিইয়ে দেয়। তাই একটু সচেতনতা আর পরিবারের সবার সাহায্য নিয়ে আপনি আবার ঝরঝরে মনে তৈরি হয়ে যান কাজের জন্য।