বাড়িতে নয়, কাজে দক্ষতা বাড়ে অফিসেই
কাজ সম্পর্কে নতুন ধারণা পেতে আর কাজে গতি আনার ক্ষেত্রে বাড়িতে বসে কাজ করার চেয়ে অফিসে বসে কাজ করাটাই ভালো। কারণ, ‘টেলিওয়ার্ক’ বা বাড়িতে বসে কাজ নতুন ধারণা তৈরি করতে পারে না এবং নতুন ধারণার জন্য উপযুক্ত পরিবেশও সৃষ্টি করতে পারে না। অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল সম্প্রতি এ তথ্য জানিয়েছে।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠান হিসেবে গুগল কর্মীদের নানা সুবিধা দেয়। আর কর্মীদের নতুন ধারণা দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে।এ প্রসঙ্গে গুগলের প্রধান আর্থিক কর্মকর্তা প্যাট্রিক পিচ্যাটি জানিয়েছেন, গুগলের খুব কম কর্মকর্তাই আছেন যারা বাড়িতে বসে কাজ করেন। বাড়িতে বসে কাজ করলে সেই কর্মী তার সহকর্মীদের থেকে আলাদা হয়ে পড়েন। অফিসে কাজ করলে সহকর্মীদের সঙ্গে নানা বিষয়ে কথা হয়, যা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি ব্যক্তিগত উন্নয়ন ও যোগাযোগ দক্ষতা বাড়ায়।