বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেল ই-ক্যাব

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ই-ক্যাব। ৮ জুলাই এই লাইসেন্স পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।
তমাল বলেন, লাইসেন্স পাওয়ার মাধ্যমে ই-ক্যাব এখন বাংলাদেশে ই-কমার্সের একমাত্র ট্রেড অ্যাসোসিয়েশন হিসেবে স্বীকৃতি পেল। সরকারি অনুমোদন পাওয়া বাংলাদেশের ই-কমার্স সেক্টরের জন্যে একটি মাইলফলক। দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রটি অবহেলিত ছিল। প্রয়োজনীয় অবকাঠামো, আইন-কানুন, দেশে ই-কমার্স বান্ধব পরিবেশের অভাবসহ নানা সমস্যা রয়েছে ই-কমার্সে। এ ছাড়াও এ ক্ষেত্রে এতদিন কোনো ট্রেড অ্যাসোসিয়েশনও ছিল। এর ফলে দেশীয় ই-কমার্স ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট লোকদের একত্র করে সমস্যা সমাধানের পথ ছিল না। এখন ই-ক্যাব তা করতে পারবে।
ই-ক্যাবের প্রেসিডেন্ট রাজিব আহমেদ বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ছোট বড় এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনলাইনে ব্যবসা করবে। এশিয়ার অন্যান্য দেশেও এখন ই-কমার্স ব্যাপক হারে বিকাশ লাভ করেছে। দেরিতে শুরু হলেও বাংলাদেশে এই ক্ষেত্রটি এখন জনপ্রিয় হচ্ছে। কিন্তু এখনো এ সেক্টরে অনেক সমস্যা থেকে গেছে। ই-ক্যাব থেকে আমরা এসব সমস্যা সমাধানের জন্য কাজ করে যাব।’
ই-ক্যাব এর সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে বেসিসের একটি ই-কমার্স অ্যালায়েন্স রয়েছে যার সঙ্গে ই-ক্যাবের কোনো বিরোধ নেই। আমাদের সবার লক্ষ্য ই-কমার্স প্রসার ও সমস্যা সমাধানে কাজ করা। ই-কমার্স অ্যালায়েন্সের সদস্যরা চাইলে ই-ক্যাবের সদস্য হতে পারবেন। ই-ক্যাব সরকারি অনুমোদন পাওয়ায় এখন আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারব। এ ছাড়া ই-কমার্স প্রসারে যা বাধা ছিল সংগঠন হিসেবে সরকারি স্বীকৃতি পাওয়ায় সমস্যা সমাধানে কাজ করতে পারবে ই-ক্যাব। ই-ক্যাবের সদস্যদের মধ্যে কোনো সংগঠন গ্রাহকের সঙ্গে প্রতারণা করলে সেই অভিযোগ ই-ক্যাবকে জানাতে পারবেন গ্রাহকেরা। এতে ই-ক্যাব ব্যবস্থা নেবে। এ ছাড়া ই-ক্যাব ই-কমার্স সাইটগুলোকে সনদ দেবে যা দেখে অনলাইনের ক্রেতারা বুঝতে পারবেন তাঁরা যে সাইট থেকে পণ্য কিনছেন সেটা ই-ক্যাব সনদপ্রাপ্ত।’
গত বছরের ৮ নভেম্বর যাত্রা শুরু করে ই-ক্যাব। এর উদ্যোক্তারা বলেন, ই-ক্যাবের মূল উদ্দেশ্য হচ্ছে ই-কমার্সকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। দেশীয় ই-কমার্স সেক্টরের উন্নয়নে ই-সেবা, ই-পেমেন্ট এবং লেনদেন, ই-সিকিউরিটি, ই-কমার্স পলিসি এবং গাইডলাইন, সার্ভিস ডেলিভারি, ই-কমার্স সচেতনতা এবং প্রশিক্ষণ, পণ্যের মান নিশ্চিতকরণ এবং গবেষণা নিয়ে কাজ করছে ই-ক্যাব।