ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্যের পাশাপাশি তথ্যপ্রযুক্তির কিছু পণ্যও রয়েছে।তথ্যপ্রযুক্তির মূল পণ্য কম্পিউটার না থাকলেও এ মেলায় মোবাইল ফোনের বেশ কয়েকটি স্টল রয়েছে। তবে মেলায় উচ্চগতির তারহীন ইন্টারনেট ওয়াইম্যাক্সের দুই সেবাদাতা প্রতিষ্ঠানের উপস্থিতি রয়েছে। ঢাকার আগারগাঁয় গতকাল মঙ্গলবার সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, অনেকের মধ্যে তারহীন ইন্টারনেটের প্রতি ক্রেতাদের রয়েছে বিশেষ আগ্রহ। মেলা উপলক্ষে ওয়াইম্যাক্স সেবাদাতা বাংলা লায়ন ছাড়সহ বিভিন্ন সুবিধা দিচ্ছে। বাংলা লায়নের প্যাভিলিয়নে ওয়াইম্যাক্সের সংযোগ নিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শামীম শাহরিয়ার বলেন, ‘বর্তমান সময়ে প্রযুক্তি ছাড়া এগিয়ে যাওয়া কঠিন। মেলায় ওয়াইম্যাক্স মডেম কিনতে এসেছি।’ বাংলা লায়নের প্যাভিলিয়নে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে।বাংলা লায়ন কর্তৃপক্ষ জানায়, বিশেষ সুবিধার মধ্যে ৬০০ টাকায় অসীম ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে। মেলায় সাতটি প্যাকেজের মধ্যে রয়েছে আরও বেশকিছু সুবিধা। এ ছাড়া বিভিন্ন মডেলের ওয়াইম্যাক্স মডেম কেনা যাবে তিন থেকে চার হাজার টাকার মধ্যে। ওয়াইম্যাক্স সেবাদাতা কিউবি মেলায় চার হাজার ১০০ টাকায় ওয়াইম্যাক্স মডেম বিক্রি করছে।এ মডেমের মাধ্যমে চারটি কম্পিউটারে একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এ ছাড়া মেলা উপলক্ষে কিউবি বিভিন্ন প্যাকেজের ক্ষেত্রেও রয়েছে বিশেষ ছাড় সুবিধা। মেলায় ট্রান্সকমের প্যাভিলিয়নে কিউবির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে।মেলা উপলক্ষে ট্রান্সকমের প্যাভিলিয়নে বিশেষ ছাড়ে ডিজিটাল ক্যামেরা পাওয়া যাচ্ছে। এ প্যাভিলিয়নে আরও কিছু প্রযুক্তিপণ্য আছে।—বাদল খান