দেশে বাণিজ্যিকভাবে চালু হলো কেনাকাটার ডিজিটাল ওয়ালেট ‘পে ৩৬৫’। রাজধানীতে গত বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ফাইনটেক, সফটওয়্যার নির্মাতা ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড এবং বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংক মিলে বানানো হয়েছে পে ৩৬৫ অ্যাপ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, প্রধান পরিচালন কর্মকর্তা এম মনজুর মাহমুদ এবং ফাইনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহায়মিন মোস্তফা।
সংবাদ সম্মেলনে এম মনজুর মাহমুদ বলেন, স্মার্টফোনে অ্যাপটি ব্যবহার করে টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ডের মতোই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করা যাবে।
এক প্রশ্নের উত্তরে মোহায়মিন মোস্তফা বলেন, এই অ্যাপ ক্রেডিট, ডেবিট কার্ডের মতো কাজ করলেও এতে কার্ড বহন করার মতো ঝুঁকি নেই। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে যে কেউ অ্যাপটি নামিয়ে নিবন্ধন করে তা ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন।
আপাতত ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহকেরা অ্যাপটি ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংকের গ্রাহকেরাও সুবিধাটি পাবেন বলে জানানো হয়।
বর্তমানে মীনাবাজার, আগোরা, ক্রিমসন কাপ, টাবাক, কোবে, টোকিও এক্সপ্রেসসহ আরও অনেক প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করতে পারছেন গ্রাহকেরা।