বাতিল মাউস ও কি এখন ফ্যাশন পণ্য!
প্রযুক্তি ও ফ্যাশনের মধ্যে অন্তরঙ্গতা ক্রমশ বাড়ছে। সর্বশেষ প্রযুক্তি যেমন মানুষের নিত্য ব্যবহার্য পণ্যের স্থান দখল করে নিচ্ছে, তেমনি পুরোনো প্রযুক্তিগুলোরও অভিনব উপায়ে পুনর্ব্যবহার বাড়ছে বলেই প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন। ব্যবহূত মাউস ও কি বোর্ডের ‘কি’টিকে কাজে লাগানোর উপায় বের করেছেন ফ্যাশন ডিজাইনাররা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক খবরে জানিয়েছে, অকেজো মাউসকে বেল্টের বাকলে আর পুরোনো কি বোর্ডের কিকে হেয়ার ব্যান্ডে ব্যবহার করা সম্ভব। শুধু সম্ভব বলেই ক্ষান্ত হননি তাঁরা। বিষয়টিকে বাস্তবে এনে বাজারেও তুলেছেন। এই ‘মাউস বেল্ট’ আর ‘কি’ বসানো হেয়ার ব্যান্ড বা চুলের ক্লিপ নাকি ভালোই বিকোচ্ছে।পুরোনো কম্পিউটার যন্ত্রাংশ রিসাইকেল প্রক্রিয়ায় আবারও কাজে লাগানোর কারণে বাতিল মাউসটি এখন আর কেবল ফেলনা নয়। এ বাতিল মাউসটিকে বেল্টে জুড়ে দিয়ে চমত্কার বাহারি বেল্ট তৈরি করা হয়েছে। এদিকে হেয়ার ব্যান্ডের সঙ্গে কি বোর্ডের কি জুড়ে প্রযুক্তি ফ্যাশনে নতুন মাত্রা যুক্ত করে দেখিয়েছেন ফ্যাশন ডিজাইনাররা। জানা গেছে, ইটসি নামের অনলাইন স্টোর থেকে পাঁচ ডলার দামে কেনা যাচ্ছে এ দুটি পণ্য।