
সময়: ১৭০০ সাল
স্থান: মোগল সাম্রাজ্য
বাদশাহ আলমগীরের মন আজ বেজায় ভালো। কারণ, তাঁর দরবারের দুই বেকুব বিজ্ঞানী পাগলু–১ ও পাগলু–২ মিলে একটা টাইম মেশিন উদ্ভাবন করে ফেলেছেন। এই মেশিনে চড়ে অতীত বা ভবিষ্যতের যেকোনো সময় ঘুরে আসা যাবে। এটা শোনার পর থেকেই বাদশাহ আলমগীরের আর তর সইছে না। তিনি ঠিক করেছেন, আজই পাগলু যুগলের সঙ্গে টাইম মেশিনে করে ৩০০ বছর পরের সময়টাতে ঘুরে আসবেন। বাদশাহর ইচ্ছানুযায়ী সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
টাইম মেশিনে চড়ে বসার পর পাগলু–১ জানতে চাইলেন, ‘মহামান্য বাদশাহ, আমরা কোন দিকে যাত্রা শুরু করব?’
‘ভারতবর্ষের ভেতরেই। দেখতে চাই ৩০০ বছর পর আমার রাজ্য কতটা আধুনিক হয়েছে।’
টাইম মেশিনের একটা বোতামে চাপ দিয়ে পাগলু–২ বললেন, ‘এবার তাহলে জাহাঁপনা চোখ বন্ধ করে বসুন। আমরা মিনিট পাঁচেকের ভেতরেই ৩০০ বছর পার হয়ে উত্তরাধুনিক ভারতবর্ষে পৌঁছে যাব।’
বাদশাহ আলমগীর চোখ বন্ধ করে বসে রইলেন। ততক্ষণে পাগলু যুগল টাইম মেশিনের গন্তব্য ঠিক করে দিয়েছেন বর্তমান ভারতের মুম্বাই বা নয়াদিল্লির দিকে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বাংলাদেশের নারায়ণগঞ্জের ওপর দিয়ে যাওয়ার সময় সেটা আচমকা মুখ থুবড়ে পড়ে গেল। ঝাঁকি খেয়ে বাদশাহ আলমগীর সিট থেকে ছিটকে গেলেন। তাড়াতাড়ি করে বাদশাকে টেনে দাঁড় করালেন পাগলু যুগল।
পাগলু–১ বললেন, ‘জাহাঁপনা, স্থিরকৃত লক্ষ্যের খানিকটা আগেই আমাদের টাইম মেশিন থেমে গেছে। মনে হচ্ছে, এই রাজ্যে কোনো সাংঘাতিক ঘটনা ঘটেছে।’
বাদশাহ আলমগীর গা থেকে ধুলা ঝাড়তে ঝাড়তে বললেন, ‘ওহ্, মাগো! কী যে ব্যথা পেলাম! তোমরা যে কী করো না করো বুঝি না ছাই! আচ্ছা, চলো দেখি এখানে কী এমন সাংঘাতিক ঘটনা ঘটেছে।’
এই বলে বাদশাহ আলমগীর এবং পাগলু যুগল টাইম মেশিনের বাইরে বেরিয়ে এলেন।
সময়: ২০১৬
স্থান: নারায়ণগঞ্জ, ঢাকা
বাদশাহ আলমগীরের টাইম মেশিন থেমেছে ঢাকা-নারায়ণগঞ্জ হাইওয়ের পাশে। ব্যস্ত সড়কে একের পর এক গাড়ি হুসহাস করে বেরিয়ে যাচ্ছে। বাদশাহ আলমগীর ও পাগলু যুগল অবাক হয়ে চারপাশে দেখছেন।
হাইওয়ের পাশে চায়ের টংদোকান। পাগলু–১ সেদিকে ইঙ্গিত করে বললেন, ‘জাহাঁপনা, চলুন ওই সওদাগরের দিকে যাই।’
তাঁরা তিনজন চায়ের দোকানের দিকে এগিয়ে গেলেন।
চায়ের দোকানে তখন খুব বেশি ভিড় নেই। পাঁচ-ছয়জন লোক বসে বসে অলস সময় কাটাচ্ছেন। বাদশাহ আলমগীর এবং পাগলু যুগলকে দেখে কেউ খুব একটা অবাক হলেন না। শুধু দোকানদার একগাল হেসে বললেন, ‘ভায়েরা, ঢাকা থেইকা আসছেন নিশ্চয়ই নাটকের পার্ট করতে? বসেন বসেন। আপনাগো স্পেশাল চা খাওয়াই। আমি চা বানাইতে বানাইতে আপনেরা মুভি দেখতে থাকেন। শাবানা-আলমগীরের মুভি হইতেছে।’
বাদশাহ আলমগীর চমকে উঠে বললেন, ‘কার নাম বললেন? আলমগীর!’
বাদশাহ আলমগীর অবাক হয়ে পাগলু যুগলের দিকে তাকালেন। কিন্তু তাঁরা তখন হাঁ করে টিভিতে শাবানা-আলমগীরের সিনেমা দেখছেন। তাঁদের সঙ্গে সঙ্গে বাদশাহ আলমগীর অবশ্য নিজেও সিনেমায় ডুবে গেলেন। সিনেমার মাঝখানে খবর শুরু হলো। সেলিম ওসমানের খবর। শুনে বাদশাহ আলমগীর দারুণ উত্তেজিত হয়ে গেলেন। চিৎকার করে বললেন, ‘সেলিম, তোমার এত দুঃসাহস! আমার রাজ্যে শিক্ষকের এত বড় অপমান!’
ঘটনাক্রমে সেলিম ওসমান ওই হাইওয়ে দিয়েই যাচ্ছিলেন। গাড়ির চাকা পাংচার হওয়ায় চা খাওয়ার জন্য উপস্থিত হলেন ওই দোকানে।
সেলিম ওসমানকে দেখে ক্ষোভে ফেটে পড়লেন বাদশাহ আলমগীর, ‘ছি ছি সেলিম, আমার রাজ্যে তুমি এত বড় অন্যায় কী করে করলে? তোমাকে আমি আজই শূলে চড়াব।’
সেলিম অবাক হয়ে জানতে চাইলেন, ‘অই, তুই কেডা?’
মহামান্য বাদশাকে ‘তুই’ বলে সম্বোধন করায় পাগলু–২ খেপে গিয়ে বললেন, ‘আদবের সাথে কথা বলুন। উনি মোগল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট বাদশাহ আলমগীর।’
সেলিম ওসমান আরও অবাক হয়ে তাঁর সাগরেদদের দিকে তাকালেন। ঘটনা কিছুই তাঁর মাথায় ঢুকছে না। এক সাগরেদ এগিয়ে এসে সেলিম ওসমানের কানে কানে বলল, ‘বস, এইটা একটা চাল, আপনেরে অপমান করার। কেলাশ ফাইভে একটা কবিতা পড়ায়, “শিক্ষাগুরুর মর্যাদা”। সেইখানে বাদশাহ আলমগীরে নাকি টিচারগো সেই রিসপেক্ট দিতো। এরা ওই বাদশার গেটআপ নিয়া আপনের লগে মজা নিতে আইছে। দিমু নাকি একটা বসায়া?’
এটা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না সেলিম ওসমান। বললেন, ‘অই…টুট টুট টুট...!’
এরপর শুরু হলো সেলিম ওসমানের দারুণ ভাষাশৈলী এবং শব্দভান্ডারের সমন্বয়ে শ্রুতিমধুর বাংলা কথ্য ভাষার প্রয়োগ। কিন্তু সেই ভাষা সহ্য করার ক্ষমতা স্বয়ং বাদশাহ আলমগীরেরও ছিল না। তাই তিনি এবং পাগলু যুগল মিলে এক দৌড়ে টাইম মেশিনে উঠে পড়লেন। মেশিন চালু হওয়ার পর তিনজনই চুপ। অনেকক্ষণ পর বাদশাহ আলমগীর বললেন, ‘ইশ্, সিনেমাটা পুরোপুরি দেখতে পারলাম না!’