বাধা মানে না সত্যিকারের প্রেম
সেই পুরোনো কথারই প্রমাণ হাজির করলেন বিজ্ঞানীরা নতুন করে। যুগ যুগ ধরে এ কথা সবারই জানা, প্রেমে পড়লে মানুষ দুঃসাহসী হয়ে ওঠে, উপেক্ষা করতে পারে সব বাধা। জার্মানির একদল বিজ্ঞানী এবার রীতিমতো গবেষণাগারে প্রমাণ করে দেখিয়েছেন, বাধা মানে না সত্যিকারের প্রেম।
বিজ্ঞানীরা বলছেন, শরীরে ‘লাভ হরমোন’ বা অক্সিটোসিন নামের এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিঃসরণের ফলে মানুষ ভয়কে জয় করতে পারে। এই হরমোন মস্তিষ্কে বাড়তি উদ্দীপনা সঞ্চার করে ভয় তাড়ায়। গবেষণাটি করেছেন জার্মানির ইউনিভার্সিটি অব বন হসপিটালের মনোরোগ ও মনঃসমীক্ষণ বিশেষজ্ঞরা। তাঁদের প্রধান রেনে হার্লমান বলেন, অক্সিটোসিনের প্রভাবে ভয়ের পুনরাবৃত্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। গবেষণা নিবন্ধটি বায়োলজিক্যাল সাইকিয়াট্রি সাময়িকীতে ছাপা হয়েছে।
বিজ্ঞানীদের এই উদ্ভাবন মানুষের আতঙ্কগ্রস্ত হওয়ার মতো সমস্যা বা রোগের চিকিৎসায় নতুন মাত্রা যোগ করতে পারে। ওই গবেষণায় ৬২ জন সুস্থ মানুষের ভয় পাওয়ার ধরন পর্যালোচনা করা হয়। মস্তিষ্ক স্ক্যান করার যন্ত্রে তাঁদের দেখানো হয় মানুষের মুখমণ্ডলের কিছু ছবি। ৭০ শতাংশ ছবি দেখানোর সময় তাঁদের হাতে আকস্মিকভাবে অল্পমাত্রায় বৈদ্যুতিক শক দেওয়া হয়। গবেষকেরা বলেন, বৈদ্যুতিক শক পাওয়ার আশঙ্কায় ওই স্বেচ্ছাসেবীরা একপর্যায়ে ঘামতে শুরু করেন। ত্বকের সংবেদনশীলতার মাধ্যমে তা পরিমাপ করা হয়। আর মস্তিষ্ক স্ক্যান করে দেখা যায়, সেখানকার ‘ভয়-কেন্দ্র’ সব সময় সক্রিয় থাকে।
গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের অর্ধেক নাক দিয়ে স্প্রের মাধ্যমে অক্সিটোনিন নেন। আর বাকিরা নেন প্ল্যাসেবো (মিছে ওষুধ)। এতে দেখা যায়, অক্সিটোসিন নেওয়া লোকদের মস্তিষ্কের ভয়-কেন্দ্রের কার্যকারিতা বাকিদের তুলনায় অনেক কমে গেছে। হার্লমান ও তাঁর সহযোগীরা আশা করছেন, মানসিক উদ্বেগে আক্রান্ত রোগীদের ওপর অক্সিটোনিন প্রয়োগ করে দ্রুত সুফল পাওয়া যেতে পারে। আর এ প্রক্রিয়ায় তাঁদের বারবার আতঙ্কিত হওয়ার ব্যাপারটা বন্ধ করা সম্ভব হবে।
সূত্র: আইএএনএস