
বাসস্ট্যান্ডে হুইলচেয়ারে বসে আছেন মানুষটা! বলার অপেক্ষা রাখে না, তিনি হাঁটতে পারেন না। কিন্তু একটু পরেই দেখা গেল চট করে উঠে পড়েছেন বাসে!হ্যাঁ। খুব নিকটতম সময়ে এমন ঘটনা হয়তো দেখা যাবে বিভিন্ন বাসস্ট্যান্ডে।যা হোক, নিকটতম এই ভবিষ্যতের কথা না বলে বরং আগে পরিষ্কার করা যাক কীভাবে সম্ভব হবে এটা।বাসের দরজা ও সিঁড়ি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একজন প্রতিবন্ধীকে স্বয়ংক্রিয়ভাবে বাসে ওঠানো সম্ভব হয়। আর সিটে বসে একটি সুইচ টিপে কাজটি সম্পন্ন করবেন বাসচালক।যাঁরা এই ডিজাইনের কাজটি সম্পন্ন করেছেন, তাঁরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী অভিষেক কুমার দে, তন্ময় বিশ্বাস, তাপস পাল, দেবব্রত কর্মকার ও পংকজ কুমার সূত্রধর।
বাংলাদেশ সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান) এবং ইঞ্জিনিয়ার্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসাব) আয়োজিত প্রতিযোগিতায় তাঁরা অংশ নেন আলোকের যাত্রী নামে।
২৬ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২টি দলের প্রায় ৩০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। বিভিন্ন পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে অংশ নেয় বুয়েটের চারটি, মিলিটারি ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) একটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি দল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বুয়েটের আলোকের যাত্রী এবং রানার আপ হয় এমআইএসটির দল বিজয়।
চ্যাম্পিয়ন দলের সদস্য অভিষেক কুমার দে বলেন, ‘এসাব এ বছর আয়োজন করে “ইন্টার ইউনিভার্সিটি ডিজাইন কনটেস্ট—ইউনিভার্সাল অ্যাকসেস অ্যাবিলিটি ইন পাবলিক ট্রান্সপোর্ট” নামের ডিজাইন কম্পিটিশন। এতে অংশ নিই আমরা। তখন থেকে জল্পনা-কল্পনা শুরু হয়, কী তৈরি করব, কী করলে ভালো হবে। এর মাঝে এসাব থেকে ডাক পড়ল সিআরপিতে অনুষ্ঠিত গ্রুমিং সেশনে যোগ দেওয়ার জন্য।’
আর সেখানেই খুঁজে পেয়েছিলেন তাঁদের লক্ষ্য। এমনটাই জানা গেল পংকজ কুমার সূত্রধরের কাছ থেকে। গল্পও এগিয়ে নিলেন তিনি—‘সাভারে সিআরপিতে প্রতিবন্ধীদের দেখে কাজ করার আগ্রহটা আরও বেড়ে গেল। ওখানেই দেখলাম কীভাবে ম্যানুয়ালি হুইলচেয়ারসহ প্রতিবন্ধীরা বাসে ওঠেন। কথাও হলো কয়েকজন প্রতিবন্ধীর সঙ্গে। তাঁরাই বললেন “আমাদের বাসে উঠিয়ে দেওয়ার জন্য একজন লাগে। দেখ তোমরা এই ম্যানুয়াল সিস্টেমটা স্বয়ংক্রিয় করতে পারো কি না।” কাজের জায়গাটা খুঁজে পেলাম আমরা।’
‘এরপর শুরু নকশা তৈরির কাজ।’ পংকজের সঙ্গে যুক্ত করলেন তাপস পাল। অটোক্যাড, সলিডওয়ার্ক কিংবা থ্রিডি ম্যাক্স সফটওয়্যার পারদর্শিতার জন্যই এই ডিজাইন খুব সহজে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে জানান তাঁরা। ‘এখানেই শেষ নয়। এই কাজ সম্পন্ন করার জন্য আমাদের যেতে হয়েছে বিভিন্ন বাসডিপোতে। দেখতে হয়েছে বিভিন্ন বাসের দরজার মডেল। এতে তৈরি হলো বড় বিপত্তি।’ যুক্ত করলেন অভিষেক। তারপর? এমন প্রশ্নে আবার শুরু করলেন অভিষেক, ‘আমরা শেষমেষ সিদ্ধান্ত নিলাম আপাতত শুধু বিআরটিসি বাস নিয়ে কাজ করব। আমাদের তৈরি ডিজাইনটি শুধু বিআরটিসি বাসেই কাজ করবে।’ নিজেদের একাগ্রতা, সেই সঙ্গে বিভাগের শিক্ষকদের সাহায্য আর প্রেরণার কথাও উল্লেখ করলেন তন্ময়। ‘আমরা যখনই কোনো সমস্যায় পড়েছি, ছুটে গেছি শিক্ষকদের কাছে। খুব উৎসাহ দিয়েছেন তাঁরা।’ আর এই পরিশ্রমের সার্থকতা যেন ধরা দিল দেবব্রতর কণ্ঠে—‘আর তার ফল হিসেবে ১০ মে আমরা জিতে নিলাম এসাবের ডিজাইন কম্পিটিশনের সর্বোচ্চ পুরস্কার।’
নকশাটি নিয়ে বেশ আশাবাদী এই তরুণেরা। কেননা চূড়ান্ত প্রতিযোগিতার দিন বিআরটিসির চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের প্রশংসা করেছেন। কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন আগামী অর্থবছরে।