
বানান শেখা এখন খেলাও বটে। একসঙ্গে খেলার মজা আর জানার সুযোগ পেলে সেই গেমস না খেলার তো কোনো মানে হয় না। এ রকম একটা গেম হচ্ছে ‘স্পেল বাংলাদেশ’। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে ‘স্পেলিং-বি বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করেছে শিক্ষাবিষয়ক ওয়েব পোর্টাল ‘চ্যাম্পস ২১’। কম্পিউটার, ল্যাপটপ বা মুঠোফোন থেকে ‘ডেইলি স্টার স্পেলিং-বি পাওয়ার্ড বাই হরলিকস’ বানান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে যে কেউ। গেমটি তিনটি পর্বে বিভিক্ত। প্রথম পর্ব (অনলাইন) ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
www.champs21.com ঠিকানার ওয়েবসাইটে বিভাগভিত্তিক স্কুল অনুযায়ী নাম নিবন্ধন করে ‘স্পেল বাংলাদেশ’ গেম খেলতে হবে। খেলার সময় গেমারকে একটি করে ইংরেজি শব্দ বলা হবে। গেমার সেই শব্দ বানান করে লিখবে। প্রতিটি শুদ্ধ বানানের জন্য ১ পয়েন্ট। শব্দটি লিখতে সময় পাওয়া যাবে ৩০ সেকেন্ড। উচ্চারণ ছাড়াও গেমারকে চার ধরনের সূত্র দেওয়া হবে। এগুলো হচ্ছে: শব্দের ব্যাখা, শব্দের ধরন, বাক্যর মধ্যে শব্দের ব্যবহার ও বাংলা অর্থ।
এই গেমের বিপদ হচ্ছে ভুল হলেই আউট। আর সুখবর হচ্ছে অনলাইন পর্ব শেষ না হওয়া পর্যন্ত যতবার খুশি খেলা যাবে। সেরা নম্বর বিবেচনায় নিয়ে প্রতিটি বিভাগে সেরাদের নির্বাচিত করা হবে দ্বিতীয় পর্বের জন্য। দ্বিতীয় পর্বে ‘স্পেলিং-বি টিম’ দেশের প্রতিটি বিভাগীয় শহরে গিয়ে বাছাই-প্রক্রিয়া চালাবে। এরপর টেলিভিশন পর্ব। এ পর্বে সবাইকে মৌখিক ও লিখিত পরীক্ষায় বসতে হবে।
গেমটি খেলার এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীকে বাংলাদেশি হতে হবে। অনাবাসিক বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে।
—সুমন পাটওয়ারী