বান্দরবানে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাসফরে রুয়েটের শিক্ষার্থীরা এসেছিলেন বান্দরবানের সবুজে
শিক্ষাসফরে রুয়েটের শিক্ষার্থীরা এসেছিলেন বান্দরবানের সবুজে

পাহাড় আর নীল আকাশের বন্ধুত্বের গল্প তো কতই শুনেছি। কিন্তু নিজে যখন গল্পকার হিসেবে হাজির, তখন সেটা যে কতটা বর্ণময় ওঠে, তা কি বান্দরবান পৌঁছার আগে জানতাম! তবে সে বর্ণিল গল্পের শুরু আরও আগে। আমরা ১০ বন্ধুর দলটি ঢাকা থেকে বান্দরবানের বাসে চেপে বসেছিলাম ৭ ফেব্রুয়ারি রাতে। সকালে চোখ মেলে দেখি দুই পাহাড়ের মধ্যে দিয়ে চলছে বাস। পাহাড়ের মাথায় উঁকি দিচ্ছে সকালের সূর্য। আর হেলেদুলে চলা বাসে তখনি হয়ে গেল উচ্চতাভীতি দূর করার ওয়ার্মআপ।
বান্দরবান পৌঁছেই সাতসকালে দেখতে বেরিয়েছিলাম স্বর্ণমন্দির। কিন্তু আমাদের আগেই সেখানে হাজির রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা। তাঁরা শিক্ষা সফরে বেরিয়েছে তিন দিন আগে। সেখানে কথা হলো নাসির উদ্দিন আর সৌরভ দাসের সঙ্গে, ‘আমরা বেরিয়েছি ১০ দিনের শিক্ষাসফরে। আজ বান্দরবান থেকে কাল যাব কক্সবাজার।’ তাঁদের কথায় সুর মেলান মাহবুবুর রহমান, ‘গত কয়েক দিন আমরা টানা ভ্রমণ করছি। যতই ঘুরছি, ততই মুগ্ধ হচ্ছি।’
স্বর্ণমন্দির দেখে সেই মুগ্ধতা নিয়ে বিকেলে চলে আসি মেঘলা পর্যটন কমপ্লেক্সে। চোখ জুড়িয়ে যায় প্রকৃতির অপরূপ নিসর্গে। ঘুরতে ঘুরতে পহাড়ের চূড়ায় উঠে দেখা মিলল রকমারি রসালো ফল আর খাবারের দোকানের। সেখানেই দেখা হলো চট্টগ্রামের চকরিয়া কমার্স কলেজের একদল শিক্ষার্থীর সঙ্গে। ওই দলের তটনি দেওয়ান জানান, ‘আমরা সারা দিন ঘুরে বেড়িয়েছি বান্দরবান। এখন যাব নীলাচল।’
একটু পরই সূর্য লুকাবে পাহাড়ে। পাহাড়ের বুকে সূর্যাস্ত দেখতে আমরাও পথ ধরি নীলাচলের দিকে। চান্দের গাড়ি উঠতে শুরু করে নীলাচলে। উঠতে উঠতে আমরা উঠে যাই সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ফুট উঁচুতে। সেখানে পাহাড় মিশে গেছে নীল আকাশের সঙ্গে। আর সে সবুজ আর নীলের সাক্ষী হতে হাজির শত শত প্রকৃতিপ্রেমী। ফের দেখা হয় রুয়েট শিক্ষার্থীদের সঙ্গে। আর নীলাচলের নীল সীমানায় কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা আয়োজন করেছে মিনি সাংস্কৃতিক সন্ধ্যা। জাকির হোসাইন, ফাতেমা কানিজ, পল্লবী দে, রুম্পি দে-সহ কলেজের শিক্ষার্থীরা মেতে উঠেছিল মন হারানো আনন্দে। আর সে বারোয়ারি অনুষ্ঠানে পরিচয় হলো ঢাকার তেজগাঁও কলেজ থেকে আসা একদল শিক্ষার্থীর সঙ্গে। সে দলের হিমেল চক্রবর্তী, শাহরিয়ার, রনি আহমেদ, সৌমেন্দু দত্ত, সুমন আহমেদ, বিধান নাথ, রেজাউল রাজন, সুব্রত সাহা আর তানভীর আহমদ নাকি চষে বেড়িয়েছেন বান্দরবানের পথে-প্রান্তর।