
আমার আর আমার ভাইয়ের বয়সের পার্থক্য টেনেটুনে সাড়ে তিন। স্কুলের বাইরে যেটুকু সময় দুজন পেয়েছি, তার পুরোটা অপচয় হয়েছে মারামারিতে। হাতে, পায়ে, মুখে অপকর্মের হাজার চিহ্ন। বাড়ির লোককে যন্ত্রণা কমবেশি আমরা দুজনই দিতাম, তবে আমারটা ছিল রেকর্ড পরিমাণ। অত্যাচারে মা-বাবা পুরোপুরি অতিষ্ঠ।
বাংলার ঘরে ঘরে যখন ভদ্র আর শান্ত বাচ্চার ছড়াছড়ি, তখন আমরা দুই ভাইবোন এমন ভয়ংকর হলাম কেমন করে, সেটা আমাদের মা-বাবার কাছে এক রহস্য হয়ে গেল। প্রতিবেশী আর আত্মীয়রা বাসায় এসে যখন তাদের বাচ্চা ‘মহাপুরুষ’ সন্তানদের প্রশংসা করত, আমাদের মা-বাবা কেমন বোকা বোকা হাসি দিয়ে সেসব শুনত। আর তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওপর যে শিল্পচর্চার নিদর্শন বয়ে যেত, সেটা আর বর্ণনা করা যায় না। আর সেসব শাস্তিও ছিল সৃজনশীল। লিখিত চুক্তি হতো বাসায়। নিচে চুক্তিবদ্ধ দুই পক্ষের স্বাক্ষর পর্যন্ত ছিল! এমন এক দুর্যোগের সময় আমার ধারণা হয়ে গেল, আমি এদের নিজের মেয়ে না। আমার আসল বাবা-মা স্পেনে থাকে। কয়টা টাকা জমাতে পারলেই আমি তাদের কাছে চলে যাব।
শুরু হলো আমার স্পেন যাওয়ার প্রাণান্ত চেষ্টা। হাতখরচের টাকা জমিয়ে রাখি, ভাইয়ের কাছ থেকে টাকাপয়সা নিই, শখের পিগি ব্যাংক নিয়ে বাসার সবার পিছে পিছে ঘুরি। কেউ কয়েন ফেলে রাখলে আর উপায় নেই। তাতে আমার নাম লেখা হয়ে গেছে। কয় টাকাই আর লাগে? দেড়-দুই হাজার টাকা হলেই তো যাওয়া যাবে!
এমন সময় একদিন ক্লাসে শুনলাম শেখানো মিথ্যে বলেনি বলে এক মেয়ের বাবা ওকে ভীষণ মেরেছে। জিনিসটা শুনতে একটু অন্য রকম শোনালেও অস্বাভাবিক মোটেও না। এ দেশের কয়টা স্কুল-কলেজ আছে, যেখানে ভালো ছাত্র হওয়ার দৌড়ে না বসিয়ে ভালো মানুষ হওয়ার কথা শেখানো হয়? কয়টা স্কুল আছে, যেখানে বাবা-মা সন্তানের পরীক্ষায় প্রথম হওয়ার চেয়ে সত্যি বলায় জোর দেয়? আমার ছোট্ট জীবনে এ ঘটনা মোটা একটা দাগ কেটে গেল। আমি সৌভাগ্যবতী কারণ, বড় হতে হতে আমি খুব ভালো করে বুঝে গেলাম আমাকে বৃত্তের বাইরের জীবন উপভোগ করতে শিখিয়েছেন আমার বাবা।
বাবাই মনে হয় আমার দেখা একমাত্র মানুষ, যিনি পুরুষশাসিত সমাজে আমাকে কোনো দিনও আপস করতে শেখাননি। এমনকি এই পুরুষের শাসন বিষয়টাকে আমি বরাবরই হাস্যকর একটা জায়গায় দেখেছি। জোর গলায় অন্যায়ের প্রতিবাদ করেছি, স্বাধীনভাবে নিজের মতামত দিয়েছি, একদম চাপ ছাড়া সব সিদ্ধান্ত নিয়েছি। আমিই মনে হয় এ দেশের প্রথম মেয়ে, যে তার বাবার কাছে কার্ড খেলা শিখেছে। যে বাবা পৃথিবীর সবকিছুর সঙ্গে লড়াই করতে রাজি আছে শুধু তার মেয়ের জন্য। বাবা আর আমার সম্পর্কটা একেবারে আলাদা। আমরা যেমন ভালো বন্ধু, তেমন সব থেকে বড় শত্রু!

প্রিয় বাবা,
আমাকে যদি এখন স্পেন একেবারে বিনে পয়সায়ও নিয়ে যায়, তাও আমি তোমাকে ফেলে যাব না। আমার নকল মা-বাবাই বেশি ভালো।
১৬ কোটি মানুষের মধ্যে এমন দুজনকে আমার মা-বাবা হিসেবে পেয়েছি, যাদের তুলনা হয় না। এমন করে আর কে আমাকে ভালোবাসবে বলো? তোমার মতো হিরো তো টম ক্রুজও না বাবা! আচ্ছা বাবা, এক হাজার টাকার নোটটা কি এখনো লাল আছে? অনেক দিন দেখি না তো।
লিনা দিলরুবা শারমিন
পরিসংখ্যান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।