
বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে খেয়ে রুমে ফিরছি, এই সময় মুঠোফোনে একটা খুদে বার্তা এল। মুঠোফোন কোম্পানিগুলো থেকে হরহামেশাই এমন বার্তা আসে, কোনোটাই ঠিকমতো পড়া হয় না। সেদিনের বার্তাটা পড়ে কী যেন কী হয়ে গেল! লেখা ছিল, ‘আজ বাবা দিবস। আপনার বাবাকে আয় খুকু আয় গানটি উপহার দিতে চাইলে মেসেজ অপশনে লিখুন...’ মুঠোফোনের সেই বার্তা পড়ে নিজেকে আর ধরে রাখতে পারিনি। প্রখর রোদে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছিলাম। বাবা তোমার জন্য, শুধু তোমার জন্য!
কিছুদিন আগে যখন বাবার ঠান্ডা হয়ে যাওয়া নিথর দেহটার পাশে বসে তাঁর ঘুমন্ত চোখের দিকে তাকিয়ে ছিলাম; তখনো চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়েনি। বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। আমার বাবা ঘুমিয়ে পড়েছেন! ‘আমার’ বাবা!
দুই বছর যাবৎ গলার ক্যানসারে ভুগছিলেন। শেষ বেলায় বাবাকে রেডিওথেরাপি দিতে হয়েছিল। প্রথম দিকে ডাক্তার বাবাকে দেখে বলেছিলেন, ‘দ্রুত রেডিওথেরাপি দিতে হবে।’ প্রেসক্রিপশনে লিখেও দিলেন ‘অতি জরুরি’। সেই প্রেসক্রিপশন নিয়ে যখন রেডিওথেরাপি ইউনিটে গিয়েছি, নার্স বললেন, ‘সাড়ে চার মাস পর সিরিয়াল পাওয়া যাবে, তার আগে নয়। যদি স্যারের কাছে তাঁর চেম্বারে আলাদা দেখান তো দু-তিন মাস এগিয়ে নেওয়া যেতে পারে।’ সেদিন প্রথম জানলাম, ‘অতি জরুরি’ শব্দটির মেয়াদ হচ্ছে ‘সাড়ে চার মাস’!
বাবা খুব চমৎকার গাইতেন। ‘আয় খুকু আয়’ গানটা শোনাতেন। কী অপূর্ব লাগত তাঁর গলায়! সেদিন বাবা দিবসে বাবাকে আমি গানটি পাঠাতে পারিনি। আমার কাছে বাবার মুঠোফোন নম্বরটা ছিল। আমি একটি বারের জন্যও তাঁকে বলতে পারিনি, ‘বাবা, আমি তোমাকে ভালোবাসি, অনেক!’ শুধু চিৎকার করে কাঁদা ছাড়া আমার আর কিছুই করার ছিল না।
বাবা, আর একটি বারের মতো আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে? আমি আর পারছি না! খুব ইচ্ছা করছে তোমার কোলে মাথা রেখে তোমাকে বাবা বলে ডাকতে। একটি বারের জন্য, সে সুযোগ তুমি দেবে না?!
মাহফুজ আল হাসান
প্রভাষক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়