আমার বাবা: বাবা অভিনেতা আসাদুজ্জামান নূরকে নিয়ে লিখেছেন ছেলে সুদীপ্তআরিকুজ্জামান
বাবার মতো বাবা

ওকে আমি আদর করে ‘ইটি’ বলে ডাকি। তাজ্জব হয়ে ওকে দেখি। মনে হয়, ও ঠিক আমাদের পৃথিবীর কেউ নয়। এ জন্য এই ‘ইটি’ নাম। বলছি আমার মেয়ে আমালা মধুরিমা আফসিনের কথা। গত ৩০ মে স্কয়ার হাসপাতালে যখন অস্থির হয়ে পায়চারি করছিলাম, তখনো বিশ্বাস হচ্ছিল না, আমি বাবা হচ্ছি! কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। বাবা হওয়ার অনুভূতিটা অদ্ভুত! যখন আমার জন্ম হয়, আমার বাবা আসাদুজ্জামান নূরও নিশ্চয় এমনই ঘোরের মধ্যে ছিলেন।
বাবাকে নিয়ে খুব ছোটবেলার স্মৃতি মনে করতে চেষ্টা করি। অদ্ভুত একটা দৃশ্য চোখে ভাসে—বাবা আমাকে নিয়ে চিড়িয়াখানায় গেছেন। আমি একটা খাঁচার সামনে দাঁড়িয়ে মহা উৎসাহে চিতাবাঘ দেখছি। তখন আমার বয়স তিন কি চার। সবচেয়ে কম বয়সের স্মৃতি এটাই মনে আছে। এর চেয়ে বেশি ছোট বয়সের কোনো বলার মতো স্মৃতি নেই। আমার মস্তিষ্ক এই চিতাবাঘ দেখার স্মৃতিই কেন যত্ন করে সাজিয়ে রেখেছে, জানি না!
আরেকটা ঘটনা মনে পড়ে। আমরা তখন বেইলি রোডে থাকি। মৌচাকের একটা সেলুনে যেতাম চুল কাটাতে। একদিন ঝুমবৃষ্টি। চারদিক পানিতে থইথই। এর মধ্যেই আমি আর বাবা বৃষ্টিতে ভিজতে ভিজতে চুল কাটাতে গেলাম। গিয়ে দেখি, সেলুনেও পানি উঠে গেছে। এর মধ্যেই আমরা চুল কাটালাম। ফেরার সময়ও দেখি মুষলধারে বৃষ্টি। এর মধ্যে রিকশায় চেপে আমরা বাবা-ছেলে চুল কাটিয়ে বাড়ি ফিরছি।
বাবার খ্যাতির কারণে, পরিচয়ের শুরুতেই আমাকে প্রায় সবাই দেখে বাকের ভাইয়ের ছেলে হিসেবে। তাদের আমি কীভাবে বোঝাই যে বাকের ভাই আমার কাছেও বাকের ভাই, বাবা নন! কোথাও কেউ নেই হুমায়ূন আহমেদের অসাধারণ একটা নাটক। আমার ধারণা, অন্য কেউ অভিনয় করলেও আমি একই রকম আগ্রহ নিয়ে নাটকটা দেখতাম। বাবার আরও অনেক নাটক দেখেছি। কোনো নাটকেই বাবাকে ‘বাবা’ মনে হয়নি। যে নাটকে যে চরিত্রে অভিনয় করেছেন, সে চরিত্রই মনে হয়েছে।
সুযোগ পেলে আমি, বাবা, মা—আমরা একসঙ্গে বেড়াতে যাই। সুন্দরবনে গিয়েছিলাম বছর দেড়েক আগে, পরিবারের সবাই মিলে। বাবা আর আমার মায়ের বন্ধুবান্ধব ছিলেন এই সফরের আয়োজক। দারুণ লেগেছিল! নিজের দেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে, আমার কল্পনায়ও ছিল না। বাবার নির্বাচনী এলাকা নীলফামারীতেও গিয়েছিলাম সেবার। ঢাকার তুলনায় অনেক ঝুট-ঝামেলাবিহীন, সুন্দর জায়গা। সবাই মিলে একবার দেশের বাইরে, কম্বোডিয়ায় গেলাম। বাইরে থেকে শুনলে মানুষ ভাবে, খুব বিপজ্জনক একটা দেশ। বাস্তবে সেখানকার লোকজন খুবই ভদ্র, অমায়িক। কেউ গলা উঁচু করে কথা বলে না। অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে দেশটাতে। সেখানে আমাদের কয়েকটা দিন চমৎকার কেটেছে।
বাবার যে দিকটি আমার সবচেয়ে ভালো লাগে সেটি হচ্ছে, তিনি মানুষের জন্য কাজ করেন। মানুষের জন্য কিছু করাটাকে তিনি কখনো দাতব্য কাজ হিসেবে দেখেন না। বরং নিজের দায়িত্ব হিসেবে দেখেন। মানুষের প্রতি তাঁর একটা দায়বদ্ধতা আছে, সে চিন্তা থেকেই তিনি মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন।
বাবা কবিতা ভালোবাসেন। আবৃত্তির গলা অসাধারণ। চিত্রকর্ম সংগ্রহের ঝোঁক তাঁর। আমার মধ্যে অবশ্য এসব কিছু নেই। বাবা দিবসের আগে আগে এই সময়টায় মনে হচ্ছে, আমার সঙ্গে বাবার একটাই মিল। বাবাও বাবা, আমিও বাবা!
অনুলিখিত