বামন গ্রহে বরফ-পর্বত
বামন গ্রহ প্লুটোর বুকে বেশ কিছু পর্বত। সেগুলো বরফে ঢাকা। আরও আছে সমতল এলাকা। সেখানে নেই কোনো খানাখন্দ। পার্বত্য এলাকাটি উত্তর আমেরিকার রকি পর্বতমালার সমান উঁচু হতে পারে।
অনুসন্ধানী রোবটযান নিউ হরাইজনসের তোলা ছবি বিশ্লেষণ করে মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) বিজ্ঞানীরা এসব কথা জানিয়েছেন। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
নাসার মহাকাশযানটি ১০ বছরে প্রায় ৪৮০ কোটি কিলোমিটার পথ পেরিয়ে মঙ্গলবার প্লুটোর সবচেয়ে কাছাকাছি পৌঁছায়। প্লুটোর কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় এটি সেখানকার বেশ কিছু ছবি তোলে। প্রথম দফায় পাঠানো সেই ছবিগুলোর কয়েকটি গত বুধবার প্রকাশ করে নাসা। এসবের মধ্যে প্লুটোর চাঁদ ক্যারনের ছবিও রয়েছে।
এক সপ্তাহ আগেও প্লুটোকে মানুষ শুধু সৌরজগতের দূরতম মহাজাগতিক কাঠামো হিসেবে জানত। এটা দেখতে একটা ঝাপসা বিন্দুর মতোই ছিল। কিন্তু এখন সেখানকার প্রকৃতি ও গঠন বৈশিষ্ট্য সম্পর্কে নানা রহস্যের জট খুলছে।
প্লুটোর পৃষ্ঠতলের একটি অঞ্চল দেখতে অনেকটা মানুষের হৃৎপিণ্ডের মতো। নাসার বিজ্ঞানীরা ওই অঞ্চলটির নাম রেখেছেন মার্কিন জ্যোতির্বিদ ক্লাইড টমবার নামের সঙ্গে মিলিয়ে। তিনি ১৯৩০ সালে প্লুটো আবিষ্কার করেন। পার্বত্য ওই অঞ্চলটির উচ্চতা ১১ হাজার ফুট পর্যন্ত হতে পারে।
মাত্র সাড়ে ১২ হাজার কিলোমিটার দূর থেকে প্লুটোর ছবিগুলো তুলেছে নিউ হরাইজনস। সংগ্রহ করেছে বিপুল পরিমাণ তথ্য-উপাত্তও। প্রতি সেকেন্ডে প্রায় ১৪ কিলোমিটার গতিতে ধাবমান রোবটযানটি এখন সৌরজগতের কুইপার বেল্ট অঞ্চলের গভীরে প্রবেশ করছে। নেপচুন গ্রহের সীমানার বাইরে সৌরজগতের ওই অঞ্চলটি প্লুটোর মতো হাজারো কাঠামোয় পরিপূর্ণ। ধারণা করা হয়, সেগুলোর সবই প্রায় ৪৬০ কোটি বছর আগে সৌরজগৎ সৃষ্টির সময়ের ধ্বংসাবশেষ।
নিউ হরাইজনস অভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানী জন স্পেনসার বলেন, প্লুটোর উপরিতলে একটি জায়গা রয়েছে যেটা কোনো প্রাকৃতিক প্রক্রিয়ায় নতুন করে গড়ে উঠেছে। সম্ভবত কোনো আগ্নেয়গিরির প্রভাবে গত ১০ কোটি বছরের মধ্যেই জায়গাটা পরিবর্তিত হয়েছে। ছবিতে দেখা যায়, ওই সমতল জায়গায় একটি গর্তও নেই। তার মানে, জায়গাটা বেশি পুরোনো নয়।
স্পেনসার আরও বলেন, প্লুটোর পৃষ্ঠতলে মিথেন, কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন বরফের যে হালকা আবরণ রয়েছে, তা পর্বত গঠন করার জন্য যথেষ্ট নয়। সম্ভবত সেগুলো প্লুটোর পাথুরে বরফ থেকেই তৈরি হয়েছে।
নিউ হরাইজনস অভিযান প্রকল্পের বিজ্ঞানী ক্যাথি ওলকিন বলেন, প্লুটো অনেক বৈচিত্র্যে ভরপুর। এর বিভিন্ন বৈশিষ্ট্য ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। প্লুটোর চাঁদ ক্যারনকে এত দিন পর্যন্ত প্রাকৃতিকভাবে মৃত মনে করা হতো। কিন্তু নিউ হরাইজনস সেখানে নালা, গিরিখাত ও ঢালু এলাকা খুঁজে পেয়েছে। তার মানে ক্যারন অভ্যন্তরীণভাবে এখনো সক্রিয় রয়েছে।