
এই শীতে বাড়ির ছাদে বা খোলা জায়গায় হয়ে যাক না জমজমাট বারবিকিউ পার্টি। চুলা থেকে নামিয়ে গরম গরম বারবিকিউ করা মাংস খাওয়ার মজাই আলাদা। তবে সে জন্য চাই একটু প্রস্তুতি। বারবিকিউয়ের বিশেষ চুলা, কয়লা ইত্যাদি প্রয়োজন হবে। আর বাড়ির ভেতবে বৈদ্যুতিক চুলাতেও বারবিকিউ করতে পারেন।
রান্নাবিদ সিতারা ফিরদৌস বলেন, ‘বারবিকিউয়ের নিয়ম হচ্ছে, মাংসের ওপরের অংশ কড়কড়ে ভাজা হবে। কিন্তু ভেতরের মাংস অবশ্যই নরম হতে হবে। যদি মুরগির মাংস ওপরের চামড়াসহ কয়লায় দেওয়া হয়, তাহলে চামড়ার তেলে ভেতরের মাংস নরম হয়ে যাবে।’
তিনি আরও বলেন, মুরগি দুই বা চার টুকরা করে পানি ঝরিয়ে আদাবাটা, রসুনবাটা, মরিচগুঁড়া, গোলমরিচগুঁড়া, বিভিন্ন বারবিকিউ সস, অলিভ অয়েল, রোজমেরি, পাপরিকা, লবণ ইত্যাদি একসঙ্গে মিশিয়ে ভালোভাবে মাংসে লাগিয়ে এক ঘণ্টা রাখতে হবে। এরপর বারবিকিউ চুলায় ২৫-৩০ মিনিট ধরে আঁচ দিতে হবে। মাঝে দুবার উল্টিয়ে দিতে হবে। তার কিছুক্ষণ পর বারবিকিউ সস ব্রাশ করে দিতে পারেন। বাসার বাইরে যদি কেউ বারবিকিউ করতে চান, তাহলে সস কিনে নেওয়াটাই ভালো এবং সে ক্ষেত্রে মুরগির টুকরোগুলো আগে থেকেই সব ধরনের উপাদান দিয়ে মেখে রাখতে হবে।
বাজারে বিভিন্ন রকমের বারবিকিউ সস পাওয়া যায়। আবার কেউ চাইলে মধু, সয়া সস, লবণ-মরিচ, লেবুর রস ইত্যাদি দিয়ে বাসায় বারবিকিউ সস বানাতে পারেন।
বাজারে দুই ধরনের বারবিকিউ চুলা পাওয়া যায়। একটি বৈদ্যুতিক, অন্যটি কয়লার। নিউমার্কেটের রহমান এন্টারপ্রাইজের বিক্রেতা মানিক বলেন, বাজারে গ্যালভানাইজড চুলার চাহিদা বেশি। কারণ, সেগুলো সহজে বহনযোগ্য।
নিউমার্কেটে ট্রেসহ এমন চুলার দাম পড়বে ৩০০ থেকে ১৬০০ টাকা। নেটের দাম ১৩০ থেকে ৩৫০ টাকা। কয়লার দাম প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা। এ ছাড়া চীনা ব্র্যান্ডের বৈদ্যুতিক চুলাও পাওয়া যায়। সম্ভাব্য দাম ২২০০ থেকে ৩৫০০ টাকা।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেও চুলা পাবেন। এখানকার বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈদ্যুতিক চুলা ব্যবহার করা তুলনামূলকভাবে সহজ। কারণ, এটি ব্যবহার করতে কয়লা বা অন্য কোনো ধরনের ঝামেলা নেই। ধোঁয়াও হয় না। ঘরের ভেতরেই এটি ব্যবহার করা যায়। এটি ব্যবহারের জন্য দরকার শুধু বৈদ্যুতিক সংযোগ।
মাংসের ওপর তেল বা অন্যান্য মিশ্রণ লাগাতে ব্রাশের দরকার পড়ে। বাজারে বিভিন্ন রকমের ব্রাশ পাওয়া যায়। দাম পড়বে ৩৫ থেকে ৮০ টাকা।