বারাক ওবামার নামে টিকটিকির নামকরণ!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নামে পৃথিবী থেকে বিলুপ্ত এক প্রজাতির টিকটিকির নামকরণ করেছেন ইয়েল ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস নামের সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, ওবামাডন গ্রাসিলিস নামের এ টিকটিকির আকার এক ফুটেরও কম ছিল এবং এ প্রাণীটির প্রিয় খাবার ছিল পোকামাকড়। গবেষকেরা মন্টানার উত্তর-পশ্চিম অঞ্চলে ওবামাডন গ্রাসিলিস টিকটিকির ফসিল বা জীবাশ্ম আবিষ্কার করেছেন। এ টিকটিকি বা ডাইনোসরের ছোটো প্রজাতিটি অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।গবেষকেরা ধারণা করেন, ডাইনোসর বিলুপ্তির কারণ পৃথিবীতে উল্কাপাত বা গ্রহাণুর পতন। এই কারণেই ডাইনোসর যুগের এ টিকটিকি বিলুপ্ত হয়ে গেছে।ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাস লংরিচ টিকটিকির নাম বারাক ওবামা রাখা প্রসঙ্গে জানিয়েছেন, টিকটিকির প্রজাতির নামের সঙ্গে বারাক ওবামা নাম রাখায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। শ্রেণিবিন্যাস নিয়ে মজা করার উদ্দেশ্যেই এ ধরনের নাম রাখা হয়েছে।প্রসঙ্গত, গার্ডিয়ানে প্রকাশিত এক খবর অনুযায়ী, বারাক ওবামার নামে স্বাদু পানির নতুন এক প্রজাতির মাছেরও নামকরণ করা হয়েছে। যুক্তরারে বিজ্ঞানীরা ডারটার মাছ নামে পরিচিত বর্ণিল মাছের পাঁচটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। বারাক ওবামাসহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট টেডি রুজভেল্ট, জিমি কার্টার, বিল ক্লিনটন ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের নামে এই পাঁচ প্রজাতির নামের নামকরণ করা হয়েছে। কই জাতীয় মাছ হিসেবেই ডারটারের পরিচিতি রয়েছে।