বার্তা আদান-প্রদানে স্মার্ট অ্যাপ আনছে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মেসেজিং অ্যাপ আনতে পারে গুগল।
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মেসেজিং অ্যাপ আনতে পারে গুগল।

বার্তা আদান-প্রদানে ফেসবুকের মেসেঞ্জারের সঙ্গে টক্কর দিতে সক্ষম এমন একটি স্মার্ট অ্যাপ আনছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গুগলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্তা আদান-প্রদান বা মেসেজিং সেবাটিতে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় করবে, চ্যাট রোবট বসাবে এবং প্রশ্নের উত্তর দিতে সক্ষম এমন সফটওয়্যার এতে থাকবে।

নতুন মেসেজিং অ্যাপটি বন্ধুর কাছে বার্তা পাঠাতে কিংবা কোনো রোবটের সঙ্গে চ্যাট করতে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে ওয়েব সার্চ কিংবা অন্য কোনো উৎস থেকে তথ্য হাজির করবে মেসেজিং অ্যাপটি।

এই অ্যাপটির নাম বা কবে নাগাদ এটি উন্মুক্ত হবে তা এখনো জানা যায়নি। এ প্রসঙ্গে গুগলের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

বর্তমানে বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে ফেসবুকের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেনসেন্টের উইচ্যাট ও গুগলের হ্যাংআউটস বেশ জনপ্রিয়।