বার্লিনে উইকিপিডিয়ার কারিগরি সম্মেলন
জার্মানির রাজধানী বার্লিনে ১ থেকে ৩ জুন হয়ে গেল অনলাইনে সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়ার কারিগরি কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত স্বেচ্ছাসেবকদের বার্ষিক সম্মেলন। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি এখানে অংশগ্রহণ করেছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের অধিকাংশ কর্মী, যাঁরা উইকিপিডিয়ার মূল সফটওয়্যার মিডিয়াউইকির নানা দিক নিয়ে কাজ করে থাকেন। জার্মান উইকিপিডিয়া কমিউনিটি ২০০৯ সাল থেকে প্রতিবছর এই আয়োজন করে আসছে। ‘বার্লিন হ্যাকাথন-২০১২’ শিরোনামে এই সম্মেলনটি হচ্ছে স্টেশন বার্লিনে, আগে এটি জার্মানির একটি পোস্টাল স্টেশন হিসেবে ব্যবহূত হতো, যা এখন বিভিন্ন ধরনের প্রদর্শনী ও অনুষ্ঠান করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চলতি বছরের সম্মেলনে ৩০টি দেশের প্রায় ১৩০ জন উইকিপিডিয়ান অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সুমনা হরিহরেশ্বরা বলেন, বার্লিন হ্যাকাথন ২০১২ এযাবৎকালের উইকিপিডিয়ার সব থেকে বড় প্রোগ্রাম লেখার আয়োজন (কোডিং ইভেন্ট)। আগের কোনো অনুষ্ঠানেই উইকিপিডিয়ার এত বিপুল পরিমাণ প্রোগ্রামার কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি।সম্মেলনে উইকিপিডিয়ার বিভিন্ন ধরনের ত্রুটি দূর (বাগ ফিক্সিং) করার পাশাপাশি ডেভেলপমেন্টের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ অধিবেশনের আয়োজন করা হয়েছিল। অল্প কিছুদিনের মধ্যেই উইকিপিডিয়ার সঙ্গে যুক্ত করা হচ্ছে—এমন বেশকিছু বিষয় সম্পর্কে জানানো হয় সম্মেলনে। একই সঙ্গে এসব কারিগরি উন্নয়নের সঙ্গে কীভাবে যুক্ত হওয়া যায় সেটি হাতে-কলমে দেখিয়ে দেওয়া হয়েছে। উইকিপিডিয়াতে বিভিন্ন ফরম্যাটে তথ্য প্রদর্শনের জন্য বহু টেমপ্ল্লেট ব্যবহার করা হয়। কিন্তু এসব টেমপ্ল্লেটের কারণে কোনো কোনো ক্ষেত্রে উইকিপিডিয়ার পাতাগুলো খুলতে সার্ভাবে বেশি সময় লাগে। বিষয়টি সমাধানের জন্য নতুন একটি প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছে উইকিমিডিয়া ফাউন্ডেশন। আবার উইকি প্রকল্পগুলোতে বেশ কিছু সাধারণ যন্ত্র (গ্যাজেট) ব্যবহার করা হয়। এই গ্যাজেটগুলোর কেন্দ্রীয়ভাবে পরিচালনার জন্যও নতুন একটি কাঠামো তৈরি করা হচ্ছে, যা খুব অল্প সময়ের মধ্যেই উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্পগুলোতে চালু করা হবে। —নাসির খান, বার্লিন (জার্মানি) থেকে