বার্লিনেই ‘গ্যালাক্সি নোট ১০.১’ (ভিডিও)
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ২৯ আগস্ট বার্লিনে আয়োজন করেছে ‘মোবাইল আনপ্যাকড ইভেন্ট’ নামে পণ্য ঘোষণা দেওয়ার একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে স্যামসাং যে পণ্যটি উন্মুক্ত করতে যাচ্ছে তার একটি টিজার ভিডিও সম্প্রতি ইউটিউবে পোস্ট করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বার্লিনের এ অনুষ্ঠানেই ঘোষণা আসতে পারে গ্যালাক্সি নোট ১০.১’ নামের পণ্যটির । এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।স্যামসাং জানিয়েছে, তাঁদের নতুন পণ্যটি হবে স্মার্টফোন ও ট্যাবলেটের হাইব্রিড। টিজার ভিডিওটিতে চলচ্চিত্র পরিচালক উইম ওয়েন্ডার্স একটি ছোটো ও হালকা-পাতলা ডিভাইস নিয়ে কথা বলছেন। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের সুবিধা থাকলেও মূলত ট্যাবলেট কম্পিউটার হিসেবেই বাজারে আসছে গ্যালাক্সি নোটের সর্বশেষ এ সংস্করণটি। এতে রয়েছে ১০.১ ইঞ্চি স্পর্শ পর্দা ও কোয়াড কোরের প্রসেসর। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ছাড়াও থাকছে এস-পেন ও জিপিএস সুবিধা। এ প্রসঙ্গে স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি নোট ১০.১ সংস্করণে ডিসপ্লের দুই অংশে একই সঙ্গে দুইটি অ্যাপ্লিকেশন দ্রুত গতিতে চালানো যায়। চলতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি নোট ১০.১ সংস্করণ দেখিয়েছিল স্যামসাং। এ পণ্যটি অনেকটাই স্যামসাংয়ের জনপ্রিয় পণ্য গ্যালাক্সি ট্যাব ২ এর ১০.১ সংস্করণটির মতো। ৮.৯ মিলিমিটার পুরুত্বের গ্যালাক্সি নোটের নতুন সংস্করণটিতে থ্রিজি সমর্থন করবে।‘গ্যালাক্সি নোট ১০.১’ এর দাম পড়বে সাড়ে ৭০০ ডলার। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপলের সঙ্গে ট্যাবলেট যুদ্ধে নতুন সৈনিক হিসেবে ‘গ্যালাক্সি নোট ১০.১’ বাজারে আনছে স্যামসাং। অ্যাপল ছাড়াও মাইক্রোসফটের সারফেস ট্যাবলেটকে আগে থেকে আটকে দিতেই নতুন এ পণ্যটি বাজারে আনছে স্যামসাং।