বার্ষিক সম্মেলনে অ্যাপলের নতুন পণ্য ও সেবার ঘোষণা
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড এবার ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। প্রোগ্রামারদের নিয়ে অ্যাপলের সবচেয়ে বড় সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি)’ এসব পণ্যের ঘোষণা দেওয়া হয়। নতুন এসব পণ্যের বেশির ভাগই আগামী জুলাই মাসের মধ্যেই ব্যবহার করতে পারবেন অ্যাপলপ্রেমীরা। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এ সম্মেলন। শেষ হবে আজ শুক্রবার।
সংগীতের নতুন এক অধ্যায় হিসেবে ঘোষণা করে ‘অ্যাপল মিউজিক’ সেবা চালুর ঘোষণা দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। ৩০ জুন উন্মুক্ত হবে এটি। প্রথম তিন মাস বিনা মূল্যেই শোনা যাবে গান এবং পরবর্তীতে প্রতি মাসে ৯.৯৯ ডলার খরচ করে গান শোনা যাবে। একই পরিবারের সদস্যরা চাইলে আরও কম খরচে একসঙ্গে এ সেবা পেতে পারেন। জুলাই মাস থেকে যুক্তরাজ্যের গ্রাহকেরা ‘অ্যাপল পে’ ব্যবহার করতে পারবেন। সব মিলিয়ে প্রাথমিকভাবে প্রায় ২ লাখ ৫০ হাজার মার্চেন্ট অ্যাপল পের সাহায্যে অর্থ লেনদেন সেবা দেবে। লন্ডনের গ্রাহকেরা যাতায়াত ভাড়াও পরিশোধ করতে পারবেন এর মাধ্যমে। ঘোষণা এসেছে অ্যাপলের আইওএস ৯ অপারেটিং সিস্টেমেরও। আরও সহজ এবং নতুন সুবিধাসহ উন্নত এ সংস্করণটি ব্যবহারে আইওএস ৮-এর মতো আইফোন মন্থর গতির হবে না বলে নিশ্চিত করেছে অ্যাপল কর্তৃপক্ষ। জুলাই মাসের শুরুতেই বিনা মূল্যে আইওএস ৯ পরীক্ষামূলক সংস্করণ হালনাগাদ করতে পারবেন অ্যাপল ব্যবহারকারীরা।
এবার ঘোষণা এল সংবাদ নিয়ে অ্যাপলের বিশেষ সেবা ‘অ্যাপল নিউজ’-এরও। শুরুতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা এ সেবাটি পাবেন। ধীরে ধীরে অন্য দেশের ব্যবহারকারীরাও সেবাটি পাবেন বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপল ওয়াচের জন্য অপারেটিং সিস্টেম ওয়াচওএস ২ আসছে। এতে যুক্ত হচ্ছে আরও কয়েকটি নতুন সুবিধা।
দ্য টেলিগ্রাফ ও অ্যাপল অবলম্বনে কাজী আলম