বার্সেলোনায় ওয়ার্ল্ড কংগ্রেস শুরু

স্পেনের বার্সেলোনায় আজ সোমবার থেকে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। ফুটবলের শহর স্পেনের বার্সেলোনায় প্রযুক্তিপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেছেন। প্রযুক্তি-প্রতিষ্ঠানের প্যাভিলিয়নগুলো দারুনভাবে সাজানো হয়েছে ।
গত কয়েক বছরে বিশ্ব মোবাইল সম্মেলনের আয়োজক হিসেবেও বেশ পরিচিতি পেয়েছে স্পেন। সম্মেলন উপলক্ষে গোটা শহর এখন উত্সবমুখর। সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রযুক্তিপ্রেমীরা বার্সেলোনা শহরে এসেছেন।
মোবাইল নিয়ে সবচেয়ে বড় সম্মেলন হিসেবে ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্বের বিভিন্ন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনে ৯৪ হাজার বর্গমিটার এলাকায় বিশ্বের ২২০টি দেশের প্রায় এক হাজার ৭০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে এর আয়োজকেরা জানিয়েছেন।
আজ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের বিশেষ আকর্ষণ হচ্ছে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কী নোট। জাকারবার্গ তাঁর কী নোটে মোবাইল ফোন প্রযুক্তির ব্যবহার ও ভবিষ্যত্ সম্ভাবনা নিয়ে বলবেন।
সামাজিক উন্নয়নে মোবাইল ফোন সেবা কীভাবে প্রভাব বিস্তার করেছে—এই সম্মেলনে এ বিষয়টি তুলে ধরা হবে। এ ছাড়া তাদের কাজের ধরন ও এতে বিভিন্ন ধরনের বাধা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া সম্মেলনে প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরবে। ভবিষ্যত্ প্রজন্মের প্রযুক্তি কেমন হবে তাও উঠে আসবে এই সম্মেলনের মাধ্যমে। পরবর্তী সময়ে মোবাইলশিল্পের বিকাশে বিভিন্ন তথ্য তুলে ধরবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান (বিটিআরসি), মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন এমটব, মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। তাঁরা বাংলাদেশের মোবাইল সেবার বিভিন্ন দিক তুলে ধরবেন।
মেলার বিভিন্ন তথ্য জানা যাবে (http://www.mobileworldcongress.com/) এই ঠিকানায়।