বার্সেলোনায় নতুন প্রযুক্তির চমক

স্পেনের বার্সেলোনায় জিএসএমএ ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ২০১৪ আয়োজনে ভবিষ্যতের মোবাইল ফোন প্রযুক্তির ছোঁয়া পাওয়া যাচ্ছে। মোবাইল ফোন সেবাদাতা ও ফোনসেট নির্মাতারা তুলে ধরছেন নতুন নতুন সব প্রযুক্তি। চার দিনের এই আয়োজন আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।
গতকাল বুধবার মোবাইল কংগ্রেস ঘুরে দেখা গেল নতুন নতুন সব প্রযুক্তির চমক। সনির প্যাভিলিয়নে এক্সপেরিয়া এক্স ২ নামের স্মার্টফোন ও একই নামের একটি ট্যাবলেট কম্পিউটার রেখেছে। স্মার্টফোনটির পর্দা ৫.২ ইঞ্চি। এর ২০.৭ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে স্থির ও চলমান দুই রকমের ছবিই তোলা যায়। সনি জানিয়েছে, এই স্মার্টফোন ও ট্যাবলেট আগামী মাসেই বাজারে আসবে।
স্যামসাং এনেছে নতুন এক যন্ত্র। এটিকে একদিকে মুঠোফোন ট্যাব হিসেবে ব্যবহার করা যাবে, আবার অন্যদিকে উল্টালে এটি ক্রেডিট কার্ডের পাঞ্চ মেশিন হিসেবে ব্যবহার করা যাবে। স্যামসাং প্যাভিলিয়নে থাকা কর্মীরা জানালেন, এটি বড় বড় দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে।
সম্মেলনস্থলে মিয়াজু টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে নতুন একটি স্মার্টফোন দেখছে অনেকে। এমএক্স ৩ নামের ওই ফোনটি বেশ পাতলা। এলজি এনেছে জি-ফ্লেক্স নামের বাঁকানো পর্দার স্মার্টফোন। ছয় ইঞ্চি পর্দার এই ফোনে ২.২৬ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর রয়েছে।
—মোছাব্বের হোসেন, বার্সেলোনা (স্পেন) থেকে