বাস-টিকিটের অ্যাপস জিতল বাংলালিংকের গ্র্যান্ডমাস্টার
প্রযুক্তির ক্ষেত্রে নতুন ধারণা নিয়ে আয়োজিত বাংলালিংক গ্র্যান্ডমাস্টারের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে চুয়েটের ম্যাভেরিক নামের দলটি। এ দলটি এম-টিকিট অ্যাপ্লিকেশনের ধারণা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই ধারণার মাধ্যমে মোবাইলে বাসের টিকিট কাটা ও বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বিজয়ী হিসেবে ম্যাভেরিক পেয়েছে দুই লাখ টাকার চেক, ট্রফি এবং প্রথম ও দ্বিতীয় আসরের বিজয়ীদের সঙ্গে চীন ভ্রমণের সুযোগ।
প্রতিযোগিতায় প্রথম রানাসআপ হয়েছে টিম ডিমেন্টরস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ দলটি তৈরি করেছে ই-শপিংয়ের ধারণা নিয়ে তৈরি লুকঅ্যাট অ্যাপ। এ অ্যাপটির মাধ্যমে সুপারস্টোরগুলোর পণ্যের দাম জানা যাবে। প্রথম রানার হিসেবে এ দলটি পেয়েছে দেড় লাখ টাকা ও ট্রফি।
প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফলপাফ দলটি। এ দলটি অ্যাডমিশনএইড নামের অ্যাপ্লিকেশনের ধারণা দিয়েছে। দ্বিতীয় রানারআপ হিসেবে তারা পেয়েছে এক লাখ টাকা।
গতকাল রোববার রাতে ঢাকার একটি হোটেলে আয়োজিত আসরের চূড়ান্ত পর্বে নিজেদের প্রকল্প উপস্থাপন করে পাঁচটি দল। উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে ছিল ই-শিক্ষা, এম-টিকিট, ই-হেলথ, ই-ইনফো ও ই-অ্যাডমিশন।
কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর সেরা পুরস্কারগুলো জিতে নেওয়ার লক্ষ্যে শীর্ষ পাঁচটি দল পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। চ্যাম্পিয়নকে দুই লাখ, প্রথম রানারআপকে দেড় লাখ ও দ্বিতীয় রানারআপকে এক লাখ টাকা নগদ অর্থ পুরস্কৃত করা হয়।
আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগিতায় নিবন্ধিত এক হাজার ২০০টি দলের মধ্য থেকে জমা পড়েছিল আট হাজার ধারণা। এর মধ্যে শীর্ষ পাঁচটি দল চূড়ান্ত আসরের জন্য মনোনীত হয়।
এ বছর ‘মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক নতুন ধারণা’ থিমের ওপর ভিত্তি করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যবসা, প্রকৌশল, টেক্সটাইল, চিকিত্সা ইত্যাদি ক্ষেত্র থেকে প্রতিযোগীরা এতে অংশ নেন।
বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি বিজয়ী ঘোষণার আগে দুভাবে ফলাফল নির্ধারণ করা হয়। বাংলালিংক মেলা নামে ফেসবুক পেজে ভোটের মাধ্যমে ২০ শতাংশ বিচারক ৮০ শতাংশ নম্বর দেন।
বিচারক প্যানেলের সদস্য ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কায়কোবাদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির এক্সিকিউটিভ ডিরেক্টর, আবদুল হান্নান চৌধুরী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক মো. মুসা, ফিন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান মামুন রশিদ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অব বিজনেসের ডিন সারওয়ার উদ্দীন আহমেদ।
মো. মুসা বলেন, ‘গ্র্যান্ডমাস্টারের মতো এ ধরনের প্রতিযোগিতা তরুণদের মেধা বিকাশের প্ল্যাটফরম। এটি কোনো শ্রেণীকক্ষের প্রতিযোগিতা নয়, বরং বাস্তব জীবনের উপলব্ধি।’
বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা বলেছেন, ‘শিক্ষার্থীদের মৌলিক উদ্ভাবনার দিকে উদ্বুদ্ধ করতে পারে গ্র্যান্ডমাস্টারের মতো প্রতিযোগিতা।’
ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টারের আরও পর্ব আয়োজনের কথা জানিয়েছে বাংলালিংক কর্তৃপক্ষ।
প্রতিযোগিতায় তরুণদের উত্সাহ দিতে সস্ত্রীক হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা শাকিব আল হাসান।