
‘ঢাকায় ডিজিটাল বাস’—এমন শিরোনামের খবর অনেকের চোখেই পড়েছে; ঢাকার সড়কে এমন বাসও দেখা গেছে। কেউ কেউ এই বাসে ওঠার অভিজ্ঞতা অর্জন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির কারিগরি সহায়তায় ১০ এপ্রিল থেকে রাজধানীতে পরীক্ষামূলকভাবে ১০টি ‘ডিজিটাল’ বাসের চলাচল শুরু হয়েছে। এসব বাস প্রাথমিকভাবে মতিঝিল-উত্তরা রুটে যাতায়াত করছে। এগুলোর যাত্রীরা বিনা মূল্যে ওয়াই-ফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
অভিজ্ঞতা নিতে ১৭ এপ্রিল চেপে বসলাম এই বাসে। গন্তব্য মতিঝিল থেকে ফার্মগেট। এগুলো বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা—বিআরটিসির বাস-বহরের আর্টিকুলেটেড (সংযুক্ত) বাস। ভেতরটা বেশ ঝকঝকে তকতকে। বাসে চড়েই সঙ্গে থাকা স্মার্টফোনটি দিয়ে জানালার কাচে সেঁটে দেওয়া কিউআর (কুইক রেসপন্স) কোড স্ক্যান করা মাত্র ওয়াই-ফাই সংযোগ চালু হয়ে গেল। কখনো দ্রুতগতিতে চলছে বাস, কখনো যানজটে থমকে আছে। ইন্টারনেটের অবস্থাও অনেকটা তা-ই। মোটামুটি দ্রুতগতির ইন্টারনেট হলেও বারবার সংযোগ বিছিন্ন হয়ে যাচ্ছিল। নতুন করে সংযোগ পেতেও বেশ বেগ পেতে হয়েছে। তবু আমি রোমাঞ্চিত এই ভেবে যে ওয়াই-ফাই এখন আর কোনো নির্দিষ্ট সীমারেখায় সীমাবদ্ধ না।
বাসে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে হলে থাকতে হবে বহনযোগ্য, ওয়াই-ফাই প্রযুক্তিসহ একটি স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিটউটার। থাকতে হবে কিউআর কোড স্ক্যান করার অ্যাপ। ইন্টারনেটে যুক্ত হতে কিউআর কোড স্ক্যানার দিয়ে বাসের ভেতর বিভিন্ন জায়গায় স্টিকারে ছাপা কিউআর কোড স্ক্যান করলেই চলবে। বিনা মূল্যে অনেক কিউআর কোড স্ক্যানার অ্যাপ পাওয়া যায়। অ্যান্ড্রয়েডের জন্য ‘বারকোড স্ক্যানার’ (ঠিকানা: http://goo.gl/Zqop9D) এবং আইফোনের জন্য ‘কিউআর রিডার ফর আইফোন’ (ঠিকানা: http://goo.gl/W9DfCs) ব্যবহার করতে পারেন।
শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই কোনো বাস ডিজিটাল হয়ে যায় না; তাই বিআরটিসির এই বাসগুলোতে আছে ভেহিকল ট্র্যাকিং ব্যবস্থা, যার মাধ্যমে আপনি ঘরে বসেই জানতে পারবেন বাসটি বর্তমানে কোথায় আছে। ডিজিটাল বাসের বর্তমান অবস্থান জানা যাবে www.urbanlaunchpad.org/brtc ঠিকানার ওয়েবসাইটে।
ডিজিটাল বাস নিয়ে এটুআইয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান বলেন, ‘আমরা এসব বাসকে ডিজিটাল বাস বলছি, কারণ এগুলোর বর্তমান অবস্থান যাত্রীরা তাঁদের ঘরে বসেই জানতে পারছেন এবং তাঁরা সে অনুযায়ী ঘর থেকে বের হতে পারেন। অপর দিকে, যদি দেখা যায়, একটি বাস এক জায়গায় দীর্ঘক্ষণ থেমে আছে, তো ধরে নিতে হবে রাস্তায় ট্রাফিক আছে। ফলে, সেই সময়টুকু অন্য কোনো কাজে লাগানো যাবে। এ বাসগুলোয় কারিগরি সহায়তা দিচ্ছে এটুআই এবং আরবান লন্সপ্যাড। এসব বাসে টেলিটক থ্রিজির মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিচ্ছি।’ নাইমুজ্জামান আরও বলেন, ‘যদি কোথাও টেলিটকের নেটওয়ার্ক না থাকে, তাহলে সংযোগ বিচ্ছিন্ন হবে। থ্রিজির পাশাপাশি ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহার করা যায় কি না তাও দেখছি। পরবর্তী সময়ে আমরা দূরপাল্লার বাসে এই সেবা যোগ করতে চাই। সে ক্ষেত্রে দেশব্যাপী নিরবচ্ছিন্ন থ্রিজি সেবার প্রয়োজন হবে।’
এখনো এসব বাসে ইন্টারনেট ব্যবহারে কিছু সমস্যা হতে পারে। তবে এটাও ভেবে দেখতে হবে যে বাসগুলো চলছে পরীক্ষামূলকভাবে। ভবিষ্যতে রাজপথে এমন আরও বাস নামানো হবে। তখন হয়তো এসব সমস্যা থাকবে না, হয়তো আরও আধুনিক সেবা আমরা পাব।