বাড়ছে প্রযুক্তিপণ্যের দাম, বাজারে অস্থিরতা
দেশের বাজারে এখন প্রতিদিনই বাড়ছে প্রযুক্তিপণ্যের দাম। কয়েক সপ্তাহ ধরে এই মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ফলে দেশের তথ্যপ্রযুক্তির বাজারে একধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। আমদানিকারক, খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে এমন তথ্যই পাওয়া গেছে। যেহেতু প্রযুক্তিবাজারের প্রায় পুরোটাই আমদানিনির্ভর, তাই ডলারের দাম বাড়ায় পণ্যের দাম বেড়েছে বলে জানানো হয়। ঢাকার বিসিএস কম্পিউটার সিটি থেকে কম্পিউটার কিনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ আহমেদ। তিনি বলেন, ‘কিছুদিন আগে আমার এক বন্ধু যে ল্যাপটপ কম্পিউটার কিনেছেন, সেই একই ল্যাপটপ এখন দেড় হাজার টাকা বেশি দামে আমাকে কিনতে হলো।’দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য আমদানিকারক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার গতকাল রোববার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, প্রতিনিয়ত ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হচ্ছে। ফলে আগের তুলনায় আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে প্রযুক্তিপণ্য কিনতে হচ্ছে। এ কারণে খুচরা পর্যায়েও প্রযুক্তিপণ্যের দাম বেড়ে যাচ্ছে। এ ছাড়া মাস দেড়েক আগে থাইল্যান্ডের বন্যায় সে দেশের বেশ কিছু হার্ডডিস্ক ড্রাইভ তৈরির কারখানা ডুবে গেছে। এ কারণে আন্তর্জাতিক বাজারে হার্ডডিস্কের সংকট চলছে। হার্ডডিস্কের দাম বাড়ার কারণে বিভিন্ন ডেস্কটপ কম্পিউটারের দামও বেড়েছে বলে মনে করেন তিনি।পাইকারি বাজারে প্রযুক্তিপণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। রায়ানস আইটি লিমিটেডের প্রধান নির্বাহী আহমেদ হাসানও ডলারের মূল্যবৃদ্ধিকে প্রযুক্তিপণ্যের দাম বাড়ার কারণ হিসেবে চিহ্নিত করেন। হার্ডডিস্ক, মাদারবোর্ড, ল্যাপটপ, ক্যামেরাসহ আরও কিছু পণ্যের দাম বাড়ার হার বেশি। তিনি বলেন, অনেকের কাছে বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য মজুদ ছিল। সেই মজুদ শেষ হলে এই পণ্যগুলোর দাম আরও বাড়তে পারে।তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. ফয়েজউল্যাহ খান বলেন, ‘প্রযুক্তিপণ্যের দাম বাড়ার কারণে এসব পণ্যের ক্রেতা অনেক কমে গেছে। গ্রাহকেরাও বাজারে প্রত্যাশিত মূল্যে প্রযুক্তিপণ্য কিনতে পারছে না। এর ফলে প্রযুক্তিপণ্যকেন্দ্রিক দরপত্রগ্রহীতারাও তাদের কাঙ্ক্ষিত মূল্যে পণ্য কিনতে পারছে না। এ জন্য তাঁরাও চরম বিপাকে পড়েছেন বলে তিনি জানান। বিসিএসের সহসভাপতি মো. মইনুল ইসলাম আশা করছেন, আগামী মার্চ মাসের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে হার্ডডিস্কের সংকট দূর হলে এর দাম স্বাভাভিক হবে বলে মনে করেন তিনি। গতকাল এলিফ্যান্ট রোডের কয়েকটি প্রযুক্তিবাজার ঘুরে দেখা গেছে, বাজারে তুলনামূলকভাবে ক্রেতার সংখ্যা কম। প্রতিদিন কমবেশি প্রতিটি পণ্যের দামে পরিবর্তন হওয়ায় অনেক ক্রেতাই কিছুদিন অপেক্ষা করতে চাইছেন। তবে বিক্রেতারা আশা করছেন, বাজার স্থিতিশীল হলে বিক্রি বেড়ে যাবে। —মোছাব্বের হোসেন