বাড়ছে ‘ফিচার’ ফোনের চাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনে অনেক সুবিধা থাকার পরও ভারতসহ উন্নয়নশীল দেশগুলোতে কম দামের ‘ফিচার’ ফোনের চাহিদা বাড়ছে। যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের দেওয়া এক হিসাব অনুযায়ী, ২০১২ সালের শেষ তিন মাসে সারা বিশ্বে বিক্রি হয়েছে ২৬ কোটি ৪৪ লাখ ফিচার ফোন। অন্যদিকে স্মার্টফোন বিক্রি হয়েছে ২০ কোটি ৭৭ লাখ। কথা বলার পাশাপাশি খুদে বার্তা আদান-প্রদান, জিপিএস, ক্যামেরা, এমপিথ্রি প্লেয়ার এবং ইন্টারনেট-সুবিধা রয়েছে, এমন ফোনগুলোকেই বলা হচ্ছে ফিচার ফোন।বাজার বিশ্লেষকেরা বলছেন, দাম নাগালের মধ্যে থাকায় উন্নয়নশীল দেশগুলোতে ফিচার ফোনের চাহিদা বেশি। এসব ফোনের চাহিদা বাড়ার কারণ সম্পর্কে মুম্বাইয়ের বাসিন্দা মিলিন্দ দাহিকার বিবিসির সংবাদদাতা মাইকেল মিলারকে বলেন, ‘যখন পশ্চিমারা স্মার্টফোনের দিকে ঝুঁকছে, সেই সময় আমরা সাধারণ মোবাইল ফোন অথবা ফিচার ফোনের দিকে ঝুঁকছি। এর পেছনের কারণ হচ্ছে, স্মার্টফোনের দাম অনেক বেশি। ভারতের মতো দরিদ্র দেশগুলোর জনগণের পক্ষে এত দাম দিয়ে স্মার্টফোন কেনা সম্ভব নয়। তিনি বলেন, ‘ফিচার ফোনের চেয়ে স্মার্টফোনে অনেক বেশি সুবিধা থাকার পরও দামের কারণে আমরা কিনতে আগ্রহী নই।’ গার্টনারের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের মোবাইল ফোন ব্যবহারকারীদের ৭৭ শতাংশ ফিচার ফোন ব্যবহার করে। এ ছাড়া ইন্দোনেশিয়ার ৭০, আর্জেন্টিনার ৪০, কেনিয়ার ৮৮, ব্রাজিলের ৭৮, নাইজেরিয়ার ৮৯, রাশিয়ার ৪৬, দক্ষিণ আফ্রিকার ৭০, থাইল্যান্ডের ৪০, তুরস্কের ৩৯, মেক্সিকোর ৫৩ ও মালয়েশিয়ার ৪৬ শতাংশ ব্যবহারকারী ফিচার ফোন ব্যবহার করে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান