বায়ান্নর আত্মদান আর একাত্তরের প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোস্টার, শিল্পী: নিতুন কুন্ডু, ১৯৭১
পোস্টার, শিল্পী: নিতুন কুন্ডু, ১৯৭১

বায়ান্ন’র একুশে ফেব্রুয়ারী ছাত্রবন্ধুদের বক্ষ-রক্তস্নাত পথ ধরে যে যাত্রা শুরু, দু’যুগ পর একাত্তরের একুশে ফেব্রুয়ারীতে তা’ অভিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার প্রতিশ্রুতিতে ভরপুর। স্বা-জাত্য ও স্বাধীকার-বোধে উদ্দীপ্ত এদেশের তরুণ সমাজ সেদিন বাঙলা ও বাঙালীর মুক্তি সংগ্রামের যে ছক কেটে গিয়েছিলেন, অকুতোভয়ে সেই রক্তরাঙ্গা পথে পাড়ি জমিয়েই বাঙালী আজ তার স্বাধীকার সৌধের দ্বার প্রান্তে উপনীত। অতীতের ছিনিয়ে নেয়া মনোবল ফিরে পেয়ে এতদিনে তারা আত্মসম্ভ্রম ও আত্মমর্যাদাবোধে উচ্চাকিত। প্রতিক্রিয়াশীল কুচক্রীশিবির আজ লন্ডভন্ড, কিংকর্তব্যবিমূঢ়। তবু ফণা তারা গুটিয়ে নেয়নি। ‘পোড়ামাটি’ নীতিতে, নতুনতর পথে বিষাক্ত ছোবলে ক্ষত-বিক্ষত করে বাঙালীর আত্মমর্যাদা ও সম্ভ্রম-বোধকে আবার তারা পায়ের তলায় গুঁড়িয়ে দিতে চায়। কিন্তু হিসেবে তারা ভুল করেছে। দু’যুগ আগে বাঙলা মায়ের সূর্য-সন্তান সালাম, বরকত, সালাহউদ্দীনরা বাঙলার স্বাধীকার প্রতিষ্ঠার আন্দোলনের ব্যাপারে, বাঙালীর মনে যে আত্মবিশ্বাস ও প্রত্যয়ের বীজ বপন করে, দু’যুগ ব্যাপি রক্তক্ষয়ী সংগ্রাম সাধনার মধ্য দিয়ে আজ তা’ ফলে-ফুলে বিকশিত, অগ্নিগর্ভ সূর্য-সম্ভাবনায় ভাস্বর। সে সম্ভাবনাকে যারা গুঁড়িয়ে দিতে চাইবে, সাড়ে সাত কোটি প্রত্যয়-দৃঢ় বাঙালীর রোষানলে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বিশ্ব ইতিহাস অন্তত: তাই বলে।
পাকিস্তানের ইতিহাসে ফেব্রুয়ারী একটি অনন্য মাস। বায়ান্ন’র ফেব্রুয়ারীতে সালাম-বরকত-রফিকরা স্বাধীকার-সংগ্রামের যে ভিত্তিফলক রচনা করে তারই পাদপিঠে দাঁড়িয়ে বাষট্টির ফেব্রুয়ারীতে পদ্মা-মেঘনা-যমুনার উত্তাল তরঙ্গের কানায় কানায়, সালাম-বরকতের উত্তরসুরী বাঙলার তরুণ ছাত্র সমাজের গীত জীবনের জয়গান আর ঊনসত্তরের ফেব্রুয়ারীতে ছাত্র-শ্রমিক মেহনতি মানুষ আর বাঙালী জোয়ান ও শিক্ষাবিদের আত্মদান এদেশের রাজনৈতিক ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। একুশে ফেব্রুয়ারী তাই বাঙালী চিত্তে শোকের দিন নয়—গৌরবের দিন, গর্বের দিন।
বায়ান্ন’র পটভূমিতে বিচার করলে একাত্তরের ২১শে ফেব্রুয়ারীর তাৎপর্য সমধিক। বায়ান্ন’তে যা’ শুরু একাত্তরে তা’ এক চরম লগ্নে সমুপস্থিত। বাঙালীর চাওয়া ও পাওয়ার মধ্যে চরম শক্তি পরীক্ষার এ-এক মহা ক্রান্তিকাল।
বাঙালীরা লাহোর প্রস্তাবের উপর একটি আপোষ ফর্মূলা হিসেবেই ৬-দফার মাধ্যমে সত্যিকার সংহতির একটা মুক্তিসনদ রচনায় প্রয়াসী। বিগত নির্বাচনের পর সেই ৬-দফার বিরোধিতা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ না দেয়ার অর্থ অতীতের ষড়যন্ত্রেরই নামান্তর।
লাহোর প্রস্তাবের উপর চোখ বুলালে ভুট্টো সাহেবরা দেখতে পারেন যে, সে প্রস্তাব মতে পূর্ব পাকিস্তান ‘All powers such as Defence, External affairs, Communications, Customs and such other matters as may be necessary’-রই হকদার। এত সব সত্ত্বেও, ২৩ বছরের অভিজ্ঞতার আলোকে বাঙলার আপামর মানুষ যে ৬-দফা দিয়েছে তা লাহোর প্রস্তাব বর্ণিত Independent States-এর প্রতিবাদ নয়, বরং তার ‘Constituent Units’-এর প্রতিপাদ্য বাস্তবায়নেরই রূপকল্প মাত্র। এতেও যদি ভুট্টো সাহেবদের অনীহা থাকে তবে তাঁরা যে-পথে চলতে চাইছেন সে-পথ বাঙলার নয়। দেশের পশ্চিমাঞ্চলের ভাগ্যে যা ঘটবে তা লাহোর প্রস্তাবকেও হার মানাবে, একথা বলাই বাহুল্য। যে অপবাদ এতদিন বাঙালিদের পোহাতে হয়েছে, সে অপবাদের হাত থেকে এতদিনে তারা নিস্কৃতি পাওয়ার পথ খুঁজে পাবে। যেন আর ৬ দফা নয়, হয়তো এক দফাতেই সবকিছুর নিষ্পত্তি হবে।
পশ্চিমাদের রাজনীতির মহিমা অপার। বাঙলার মানুষের দেয়া ৬-দফা ভিত্তিতে প্রণীত শাসনতন্ত্র রুখতে ভুট্টো সাহেবের দোসর সেজেছেন আজ সীমান্তের কীর্তিমান রাজনীতিক খান আব্দুল কাইউম খান। অথচ এই খান সাহেবই বিগত নির্বাচনের প্রাক্কালে বাঙলার মাটিতে দাঁড়িয়ে পাঞ্জাবী শাসনের ভয়ে পাকিস্তানের বিরোধিতাকারী খান গফ্ফার খানের প্রতি কায়েদে আযমের আশ্বাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন: The Quaid told Khan Gaffar Khan that by and large ‘Pakistan is going to be a Bangalee dominated state’, তার এই আশ্বাসে আশ্ব্বস্ত হয়েই নাকি সেদিন সীমান্ত প্রদেশ পাকিস্তানে যোগ দিয়েছিল। আর এতদিনে যখন কায়েদে আযমের সেই কথারই সারবত্তা প্রমাণিত হতে চলেছে, তখন সেই কাইউম খান সাহেবই হলেন ভুট্টোর দোসর। এবার সেই ফেব্রুয়ারীতে দাঁড়িয়েই দেশের বারো কোটি মানুষ দেখছে কুচক্রী গোষ্ঠীর নবতর খেল্। এবার আর কেবল বাঙলার তরুণ ছাত্রসমাজই নয়। আপামর মানুষই তৈরি রয়েছে সে চক্রান্তের মোকাবিলা করতে—আর সামনের কাতারে স্থান নিয়েছেন সদ্য নির্বাচিত সত্যিকারের জনপ্রতিনিধিরা। একুশে ফেব্রুয়ারীর প্রতিশ্রুতি দীপ্ত রক্ততিলক তাদের ভালে, বাঙলার সালাম-বরকত, রফিক-জব্বার, মনুমিঞা-আনোয়ার, শম্ভু, আলাউদ্দীন, জহুর-জোহার আত্মদান এবার আর বৃথা যেতে পারে না, একাত্তরের ‘একুশে ফেব্রুয়ারীর’ প্রভাত সূর্যের এই প্রতিশ্রুতিতেই দেশের পূর্ব দিগন্ত আজ উদ্ভাসিত।
সিরাজুদ্দীন হোসেন রচনাবলী থেকে