বায়ুকলের জ্বালানিতে চলবে মোবাইল টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশবান্ধব উইন্ড টারবাইন টেলিযোগাযোগ অবকাঠামোর জন্য বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে কাজ করবে।
পরিবেশবান্ধব উইন্ড টারবাইন টেলিযোগাযোগ অবকাঠামোর জন্য বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে কাজ করবে।

বায়ুকল (উইন্ড টারবাইন) থেকে মোবাইল টাওয়ারে জ্বালানি সরবরাহের নতুন একটি প্রযুক্তি বাংলাদেশে চালু করেছে টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ। টেকনাফের শাহপরীর দ্বীপ ও কক্সবাজারে এ জ্বালানি প্রযুক্তির দুটি টাওয়ার সম্প্রতি চালু করেছে প্রতিষ্ঠানটি।

ইডটকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পরিবেশবান্ধব উইন্ড টারবাইন টেলিযোগাযোগ অবকাঠামোর জন্য বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে কাজ করবে। এটি প্রথাগত উৎস থেকে প্রাপ্ত বিদ্যুতের ৩০ শতাংশ পর্যন্ত চাহিদা পূরণ করতে পারে, যা মুঠোফোন অপারেটরদের বিদ্যুৎবিহীন অথবা অপর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে, এমন সব স্থানে কার্যক্রম চালাতে সাহায্য করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিটি টারবাইন এক দিনে ১০ কিলোওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর ফলে এ প্রযুক্তিতে টাওয়ারের জেনারেটর চালানোর জন্য ব্যবহৃত বাড়তি জ্বালানির খরচ কমে আসবে। বাতাসের গতি বৃদ্ধি পেলে এ টারবাইনের বিদ্যুৎ ক্ষমতা আট গুণ পর্যন্ত বেড়ে যায়। এসব টারবাইন ঘূর্ণিঝড়, দিন-রাত বা অন্য কোনো প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কার্যকর থাকে বলে জানিয়েছে ইডটকো।

ইডটকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যারিল সিনাপ্পা বলেন, নবায়নযোগ্য শক্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে উইন্ড টারবাইন দুটি তৈরি করা হয়েছে। বাংলাদেশে টেলিযোগাযোগ টাওয়ারের জন্য উইন্ড টারবাইন ব্যবহারের উদ্যোগ হিসেবে এটিই প্রথম।

২০১৭ সালের মধ্যে বাংলাদেশে ইডটকোর এমন আরও ১০টি উইন্ড টারবাইন তৈরির পরিকল্পনা আছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।