বায়োইলেকট্রনিকস নিয়ে নতুন প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়োইলেকট্রনিকস নিয়ে নতুন কোম্পানি গড়ছে অ্যালফাবেটের ভেরিলি ও গ্ল্যাক্সোস্মিথক্লাইন।
বায়োইলেকট্রনিকস নিয়ে নতুন কোম্পানি গড়ছে অ্যালফাবেটের ভেরিলি ও গ্ল্যাক্সোস্মিথক্লাইন।

চিকিৎ​সাক্ষেত্রে বায়োইলেকট্রনিকস নামের নতুন শাখা নিয়ে নতুন প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছে যুক্তরাজ্যের ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের লাইফ সায়েন্স ইউনিট।

বায়োইলেকট্রনিকসে মানবদেহের বৈদ্যুতিক সংকেত টার্গেট করে রোগের বিরুদ্ধে লড়াই করা হয়।
গ্ল্যাক্সোস্মিথক্লাইন ও অ্যালফাবেটের লাইফ সায়েন্স সূত্রে আজ সোমবার বলা হয়, আগামী সাত বছরে ‘গ্যালভানি বায়োইলেকট্রনিকস’ নামের প্রতিষ্ঠানে গুগলের ভেরিলি লাইফ সায়েন্সেস ও গ্লাক্সোস্মিথক্লাইন সাড়ে ৭১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এটি লন্ডনে গ্লাক্সোস্মিথক্লাইনের স্টিভেনেজ রিসার্চ সেন্টার ও সানফ্রান্সিসকোতে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলবে। গ্যালভানিতে প্রাথমিকভাবে ৩০ জন গবেষক, প্রকৌশলী, চিকিৎসক কাজ করবেন।
তিন বছর আগে গ্লাক্সোস্মিথক্লাইনের গবেষকেরা ‘নেচার’ সাময়িকীতে বায়োইলেকট্রনিকস সম্পর্কে তথ্য প্রকাশ করেন। প্রচলিত রাসায়নিক ও প্রোটিনের পরিবর্তে বৈদ্যুতিক সংকেত কাজে লাগিয়ে ওষুধ তৈরিতে প্রতিদ্বন্দ্বী অনেক প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে রয়েছে গ্লাক্সোস্মিথক্লাইন। অন্যদিকে ভেরিলির মাধ্যমে গুগল তাদের সার্চ ইঞ্জিনের বাইরে বায়োলজি ও অন্যান্য বৈজ্ঞানিক ক্ষেত্রে কাজ শুরু করল।
ভেরিলি চিকিৎসা ক্ষেত্রে অন্যান্য প্রকল্পেও কাজ করছে। এর আগে সুইজারল্যান্ডের নোভারটিসের সঙ্গে মিলে স্মার্ট কনটাক্ট লেন্স তৈরিতে কাজ শুরু করেছে ভেরিলি যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে লাগে।
ভ্যালভানিতে গ্লাক্সোস্মিথক্লাইনের শেয়ার থাকবে ৫৫ শতাংশ আর ভেরিলির ৪৫ শতাংশ। তারা ছোট আকারের কিন্তু সহজে শরীরে বসানো যায় এমন ইলেকট্রনিক যন্ত্র তৈরি করবে যা শরীরে স্নায়ুর সংকেত ঠিক করতে সক্ষম হবে।
জিএসকের দাবি, ডায়াবেটিস, আর্থাইটিস, অ্যাজমার মতো রোগ এতে সারানো যাবে। তথ্যসূত্র: রয়টার্স।